প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই।
শনিবার (০৫ আগস্ট) সিলেটে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। নগরের জিন্দাবাজার এলাকার একটি হোটেলের সম্মেলনকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
হুমায়ুন কবির বলেন, ‘নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যাবেন।’ সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ভারতের সঙ্গে হাজার সমস্যা থাকলেও আলোচনার পথ বন্ধ নেই। প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে সুসম্পর্কই থাকা উচিত।’
জ্বালানি সংকট নিয়ে কথা বলতে গিয়ে হুমায়ুন কবির বলেন, ‘কীভাবে একটি সাইকোপ্যাথিক দুর্নীতি করা যায়, এনার্জি সেক্টর দেখলে বোঝা যাবে।’ তবে প্রধানমন্ত্রী জ্বালানি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন জানিয়ে তিনি বলেন, সংকট সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়ার সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এতে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক কিছু নয়। অনেক দেশই একাধিক নিরাপত্তা জোটের সঙ্গে যুক্ত রয়েছে। জাতীয় স্বার্থের ভিত্তিতে যেখানে যাওয়া প্রয়োজন, বাংলাদেশ সেখানে যাবে।
যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং বিমান কেনার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশকে কেউ বোয়িং কিনতে চাপিয়ে দিচ্ছে না। দেশের চাহিদা রয়েছে বলেই যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে। প্রয়োজনে ভবিষ্যতে আরও বোয়িং বিমান কেনা হবে।
মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানি প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, আওয়ামী লীগ সরকারের সময়কার সিন্ডিকেটের কারণে মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়েছিল। বর্তমান সরকার সেই সিন্ডিকেট ভেঙে দিয়েছে। এখন ধাপে ধাপে মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানি করা হবে।
কলকাতায় বাংলাদেশের নাগরিকদের হোটেল না পাওয়া এবং রাস্তায় রাত কাটানোর অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নির্দিষ্ট কোনো ঘটনার তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে আনা হলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।


