পাহাড়ের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে জেএসএসের সশস্ত্র সদস্যদের সরানোসহ কয়েকটি দাবিতে টানা ২৪ দিন ধরে অবরোধ চলছে। এ কর্মসূচির কারণে বন্ধ রয়েছে পর্যটকদের যাতায়াত, থমকে গেছে পর্যটননির্ভর ব্যবসা-বাণিজ্য। দীর্ঘদিন আয়-রোজগার বন্ধ থাকায় আর্থিক সংকটে পড়েছেন স্থানীয় বাসিন্দা, হোটেল-রিসোর্ট মালিক ও পর্যটন খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। স্থানীয়রা বলছেন, ইউপিডিএফের ভূমিকার কারণে এ অচলাবস্থা তৈরি হয়েছে।

ইউপিডিএফের ডাকা এই অবরোধের কারণে সাজেকের ব্যস্ত সড়ক, বাজার ও দোকানপাট এখন জনশূন্য। সেখানকার স্থানীয় হাটবাজারেও ক্রেতার উপস্থিতি নেই। এতে ব্যাহত হচ্ছে পাহাড়ি জনগোষ্ঠীর স্বাভাবিক জীবনযাত্রা।

এছাড়া পর্যটনকেন্দ্রকে ঘিরে গড়ে ওঠা কটেজ, রিসোর্ট ও খাবারের হোটেলগুলো দীর্ঘদিন বন্ধ থাকায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। বুকিং বাতিল, অগ্রিম টাকা ফেরত এবং দেনা পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের।

সাজেক থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সদস্যদের সরানোসহ কয়েকটি দাবিতে এ অবরোধ কর্মসূচি চলছে। সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের ব্যানারে কর্মসূচি ডাকা হয়েছে। স্থানীয়রা বলছেন, এ সংকট তৈরির পেছনে ইউপিডিএফের ভূমিকা রয়েছে। অবরোধের শুরুতে নিরাপত্তা বাহিনী ও পর্যটকদের ওপর হামলার পাশাপাশি সাজেক ভ্রমণ না করতে কয়েক দফায় হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, পাহাড়ের দুই সশস্ত্র আঞ্চলিক সংগঠন জেএসএস ও ইউপিডিএফের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাজেকে অস্থিরতা চলছে। দুই সংগঠনের মধ্যে বিভিন্ন সময়ে গোলাগুলির ঘটনাও ঘটেছে। সীমান্তবর্তী সাজেকে চাঁদাবাজি, অপহরণ ও স্থানীয় বাসিন্দাদের জিম্মি করে প্রভাব বিস্তারের চেষ্টা নিয়ে উদ্বেগ রয়েছে।