রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় টিলার জমির দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার খেদারমারা ইউনিয়নের দক্ষিণ পাবলাখালী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ পাবলাখালী এলাকায় টিলার জমির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে সোমবার সকালে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। পরে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে মহেন্দ্র চাকমা (৪৫) ও মো. আব্দুর রহিম (৫০) আহত হন। মহেন্দ্র চাকমা ওই এলাকার মনোভদ্র চাকমার ছেলে এবং মো. আব্দুর রহিম এরশাদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, আহত মো. আব্দুর রহিমকে চিকিৎসার জন্য লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। অপর আহত মহেন্দ্র চাকমাকে দূরছড়ি এলাকার একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর লংগদু জোনের আওতাধীন সুপারিপাতাছড়া আর্মি ক্যাম্প থেকে একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। একই সময়ে বাঘাইছড়ি থানার অধীন দূরছড়ি পুলিশ ফাঁড়ির একটি দল এসআই জুলফিকারের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। সংঘর্ষের প্রকৃত কারণ খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ কাজ করছে।


