মাছের প্রজনন, বংশবৃদ্ধি ও মৎস্যসম্পদের ভারসাম্য রক্ষায় কাপ্তাই হ্রদে মাছ আহরণের ওপর চলমান নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১০ দিন বৃদ্ধি করা হয়েছে। ফলে তিন মাসের (মে-জুলাই) নিষেধাজ্ঞা নির্ধারিত সময়ের পরও বহাল থাকবে।
সোমবার (২৭ জুলাই) রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা সংক্রান্ত কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) রাঙ্গামাটির ব্যবস্থাপক ফয়েজ আল করিম, জেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, মৎস্য গবেষণা ইনস্টিটিউট রাঙ্গামাটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হায়দার হোসেনসহ মৎস্য ব্যবসায়ী ও মৎস্যজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় কর্মকর্তারা জানান, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির স্তর দ্রুত বাড়লেও মাছ এখনো পর্যাপ্ত আকার ধারণ করেনি। পাশাপাশি হ্রদের পানি এখনো ঘোলা থাকায় মাছ আহরণে জেলেদের নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে।
তাদের মতে, নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১০ দিন বাড়ানো হলে মৎস্যসম্পদের সুষ্ঠু বিকাশ, প্রাকৃতিক প্রজনন ও পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি মৎস্যজীবী ও মৎস্য ব্যবসায়ীদের দীর্ঘমেয়াদি স্বার্থও সুরক্ষিত হবে।


