রাঙামাটির কাপ্তাই উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের মিতিঙ্গাছড়ি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে আগামী ১০ আগস্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নের লক্ষ্যে গড়ে তোলা এই গ্রামটি দেশের জন্য একটি আদর্শ মডেল হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আজ সোমবার (২৭ জুলাই) সকালে কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’-তে অনুষ্ঠিত টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত উপজেলা কমিটির সভায় এ তথ্য জানানো হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম।
সভায় জানানো হয়, জাতিসংঘ ঘোষিত এসডিজির ১৭টি বৈশ্বিক লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে মিতিঙ্গাছড়ি গ্রামকে একটি আদর্শ এসডিজি ভিলেজ হিসেবে উন্নয়ন করা হয়েছে। এ প্রকল্পের আওতায় গ্রামবাসীর জন্য দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্যসেবা, মানসম্মত শিক্ষা, নিরাপদ পানি ও স্যানিটেশন, নারীর ক্ষমতায়ন, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলাসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
সভায় আরও জানানো হয়, আগামী ১০ আগস্ট প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এসডিজি ভিলেজটির উদ্বোধন করবেন। সংশ্লিষ্টদের আশা, মিতিঙ্গাছড়ির এই উদ্যোগ দেশের অন্যান্য এলাকার জন্য অনুসরণযোগ্য একটি উদাহরণ হয়ে উঠবে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, হেডম্যান, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


