রাঙামাটির রাজস্থলী উপজেলায় সেনাবাহিনীর কাপ্তাই জোনের উদ্যোগে হেডম্যান-কারবারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজস্থলী আর্মি ক্যাম্পে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন রাজস্থলী সাব-জোন কমান্ডার মেজর হাফিজ আহম্মদ সৈকত।

মেজর হাফিজ বলেন, সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন এবং সব সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেছে এবং ক্ষতিগ্রস্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে। এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মেজর হাফিজ পার্বত্য এলাকায় মাদকের বিস্তার রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এছাড়া এলাকার শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে সকলের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রাজস্থলী সাব-জোনের জেসিও মিজানুর রহমান, ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, ২ নম্বর গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুচিংমং মারমা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উথিনসিন মারমা, বিভিন্ন মৌজা থেকে আগত ৯ জন ইউপি সদস্য, ৮ জন হেডম্যান, ১০২ জন কারবারী এবং গণমাধ্যমকর্মীরা।

এতে স্থানীয় হেডম্যান ও কারবারীরা বক্তব্য রাখেন। তারা এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়ন-সংক্রান্ত বিষয় তুলে ধরেন।