মেরামতের মাত্র দুই দিনের মাথায় আবারও ভেঙে গেছে রাঙামাটির কাউখালী-রানীরহাট সড়কের একটি বেইলি সেতুর পাটাতন। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে ইটবোঝাই একটি ভারী ট্রাকের চাপে সেতুটির পাটাতন ক্ষতিগ্রস্ত হয়। ট্রাকটি এখনো সেতুর ওপর আটকে রয়েছে। এতে কাউখালী উপজেলার সঙ্গে রাঙামাটি ও চট্টগ্রামের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে দিকে এ দুর্ঘটনা ঘটে। এর আগে, গত শনিবারও একই সেতুর পাটাতন ভেঙে যায়। পরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ মেরামত কাজ শেষে গত মঙ্গলবার যান চলাচল আবার চালু করে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাশের রাঙ্গুনিয়া উপজেলার সেগুনবাগান, বহড়াতল, বেতছড়ি ও ত্রিপুরা দিঘি এলাকা থেকে অতিরিক্ত ইটবোঝাই ভারী ট্রাক চলাচলের কারণে দীর্ঘদিন ধরে সেতুটি ঝুঁকির মধ্যে রয়েছে। সেতুটিতে পাঁচ টনের বেশি ওজনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হচ্ছে না।

রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, বেইলি সেতুটি পুরোনো ও ঝুঁকিপূর্ণ হওয়ায় পাঁচ টনের বেশি মালামাল পরিবহনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ বিষয়ে সেতু এলাকায় সতর্কীকরণ সাইনবোর্ডও স্থাপন করা হয়েছে।

তিনি আরও বলেন, চালকেরা অতিরিক্ত ওজন নিয়ে চলাচল করায় বারবার এ ধরনের দুর্ঘটনা ঘটছে। দ্রুত সেতুটি মেরামত করে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।