রাঙ্গামাটি শহরের ইতিহাস অনেক পুরোনো। এই শহরের বিবর্তনের ইতিহাস হয়তো ধারাবাহিকভাবে বলা সম্ভব না হলেও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে একটি চাপালিশ গাছ। যার কাছে জমা আছে ৩২০ বছরের ইতিহাস।

রাঙ্গামাটি শহরে পর্যটকদের পাশাপাশি শহরের মানুষদের কাছে বৈকালিক অবকাশ যাপনের জন্য পছন্দের তালিকার শীর্ষে রয়েছে ডিসি বাংলো পার্ক। এই পার্কের পাশেই দাঁড়িয়ে আছে ৩২০ বছর বয়সী একটি চাপালিশ গাছ। সুপ্রাচীন এই গাছটির দৈর্ঘ্য ১০৩ ফুট ও পরিধি ২৫ ফুট।

বিশাল গাছটির নিচে বসে উপভোগ করা যায় কাপ্তাই হ্রদের নীল জলরাশি ও শরীর জুড়ানো শীতল বাতাস। প্রতিদিন স্থানীয় ও রাঙ্গামাটির বাইরে থেকে আসা অনেক পর্যটক ভিড় করেন এই ডিসি বাংলো পার্কে। যারাই আসেন তাদের কাছে এক বিস্ময়ের নাম সুপ্রাচীন চাপালিশ। বর্তমানে গাছটিতে গজিয়েছে অনেক পরগাছা। অসংখ্য পাখির নিরাপদ আশ্রয়স্থলওই গাছটি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাছে বাস করা পাখিদের কলকাকলিতে মুখর থাকে এলাকা।

মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি বহন করে এই গাছটি। পাকিস্তানি সেনারা এই গাছের সঙ্গে বেঁধে রেখে দিনের পর দিন নির্যাতন করে মেরে ফেলে অনেক মুক্তিযুদ্ধাকে। কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে পুরাতন রাঙ্গামাটি শহর পানির নিচে তলিয়ে যাওয়ার সাক্ষীও এই গাছটি। তাছাড়া শ্রদ্ধেয় বনভান্তের প্রথম চীবর গ্রহণের স্মৃতিও রয়েছে গাছটিকে ঘিরে। এই গাছটি সংরক্ষের বিষয়টি কিছুটা দায়সারা গোছের। যেহেতু গাছটি অনেক স্মৃতিবিজড়িত এবং এর পাশেই ডিসি বাংলো পার্ক রয়েছে, তাই গাছটির শিকড়সহ পুরো গাছটি আরও ভালোভাবে সংরক্ষণের ব্যাপারে সংশ্লিষ্ট সকলের আন্তরিক হওয়া প্রয়োজন।

স্থানীয় এক বাসিন্দা বলেন, গাছটিকে জন্মলগ্ন থেকে দেখে আসছি। ভাবতেই অবাক লাগে গাছটির বয়স আজ ৩২০ বছর। রাঙ্গামাটি শহরের ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে গাছটি। গাছটির আগাছা পরিষ্কার করে যদি সংরক্ষণ করা যায়, তবে এটি ইতিহাসের পাতায় স্থান করে নেবে।

রাঙ্গামাটি শহর কিন্তু কাপ্তাই হ্রদের নিচে বিলীন হয়ে গেছে। এই নতুন শহরে পুরাতন কোনো স্মৃতি যদি থেকে থাকে, তবে তার মধ্যে অন্যতম হলো সুপ্রাচীন চাপালিশ গাছটি। সেই সময় ডিসি বাংলো এবং ডিসি বাংলো সংলগ্ন এই চাপালিশ গাছটি পাহাড়ের উপরে থাকাতে ডুবে যায়নি। রাঙ্গামাটির পাহাড়ের উপরে (টপ সয়েলে) কিন্তু কোনো বড় গাছ জন্মায় না।

সেক্ষেত্রে এই চাপালিশ গাছটি আজ প্রায় ৩২০ বছরের মতো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আজ থেকে অনেক বছর পরও যদি কেউ রাঙ্গামাটি শহরের ইতিহাস লিখতে যায়, তবে চাপালিশ গাছটিকে অস্বীকার করা বা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই।

চাপালিশ গাছ বন্যপ্রাণীদের কাছে নিরাপদ আবাসস্থল ও এই গাছের ফল তাদের খাদ্যতালিকার অংশ। যত্ন করতে পারলে এই গাছ দীর্ঘ বছর ধরে বেঁচে থাকে।

 

-পার্বত্য সময়