জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (এফডিএমএন) নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
বুধবার (৬ মে) বিকেলে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি দল নিয়ে তিনি উখিয়া উপজেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং সেখানে রোহিঙ্গাদের জন্য পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রম পর্যবেক্ষণ করেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ সময় শামা ওবায়েদ রোহিঙ্গা সম্প্রদায়ের নির্বাচিত প্রতিনিধি, যুবক ও নারী সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও উদ্বেগের কথা শোনেন। তিনি রোহিঙ্গাদের আশ্বস্ত করেন যে, ক্যাম্পে তাদের জীবনমান উন্নয়নে সহায়তা অব্যাহত রাখবে বাংলাদেশ সরকার এবং একই সঙ্গে রাখাইন রাজ্যে তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ সৃষ্টিতে কাজ চালিয়ে যাবে।
পরে তিনি কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয়ে আয়োজিত এক অংশীজন পরামর্শসভায় অংশ নেন। এতে বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং জাতিসংঘসহ দেশি-বিদেশি বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় প্রতিমন্ত্রী বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সহায়তায় নিয়োজিত কর্মকর্তা ও মানবিক কর্মীদের ধন্যবাদ জানান এবং সরকারের নীতির আলোকে টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
পরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি রোহিঙ্গা সংকট মোকাবিলায় সরকারের অগ্রাধিকারমূলক নীতি এবং আঞ্চলিক ও বহুপক্ষীয় ফোরামে এ ইস্যু তুলে ধরতে নবায়িত কূটনৈতিক প্রচেষ্টার কথাও তুলে ধরেন।

