খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-গণতান্ত্রিক) এক সদস্যকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (০৭ মে) সকাল ছয়টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের হর্টিকালচার সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. ইমন হোসেন (২৫)। তিনি পানছড়ি উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা ও রুহুল আমিনের ছেলে। তিনি ইউপিডিএফের (গণতান্ত্রিক) সহযোগী সদস্য ছিলেন বলে জানিয়েছে সংগঠনটি।
ইউপিডিএফের (গণতান্ত্রিক) দাবি, এ হত্যাকাণ্ডের সঙ্গে ইউপিডিএফ (প্রসীত) গ্রুপ জড়িত। সংগঠনটির সংগঠক অমর চাকমা বলেন, অসুস্থ স্ত্রীকে দেখতে বুধবার বাড়িতে যান ইমন হোসেন। বৃহস্পতিবার সকালে পানছড়ি বাজারে যাওয়ার উদ্দেশ্যে সড়কের পাশে গাড়ির জন্য অপেক্ষা করার সময় একটি মাহিন্দ্রা গাড়িতে এসে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়।
তবে অভিযোগের বিষয়ে ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। সংগঠনটির অন্যতম সংগঠক অংগ্য মারমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নিহত ব্যক্তি কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন কি না এবং কারা হত্যাকাণ্ডে জড়িত, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

