প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রথমবারের মতো সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

মোদি তার পোস্টে বলেন, দেশের যুবসমাজ ও তাদের ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। প্রশ্নপত্র ফাঁসের মামলাগুলোর দ্রুত বিচারের জন্য ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, যারা দেশের তরুণদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

তবে প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ প্রত্যাখ্যান করেছে ‘ককক্রোচ জনতা পার্টি’ (সিজেপি)। সংগঠনটির দাবি, ফাস্ট-ট্র্যাক আদালত গঠন সমস্যার মূল সমাধান নয়। তারা একে ‘বিভ্রান্তিমূলক পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেছে।

মোদির ঘোষণার পরপরই এক্সে দেওয়া এক বার্তায় সিজেপি লিখেছে, ‘ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাই।’

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কয়েক সপ্তাহ ধরে নয়াদিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। এর মধ্যেই মোদি প্রথমবারের মতো বিষয়টি নিয়ে প্রকাশ্যে বক্তব্য দিলেন।

সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছেন। মোদির ‘আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই’ মন্তব্যকে কটাক্ষ করে তিনি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ছবি ব্যবহার করে একটি মিম প্রকাশ করেন।

সিজেপি নেতাদের দাবি, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শুধু দ্রুত বিচার নয়, এর জন্য দায়ীদের বিরুদ্ধে রাজনৈতিক ও প্রশাসনিক জবাবদিহিও নিশ্চিত করতে হবে।