মিয়ানমারের প্রতিরোধ ও জাতিগত বিপ্লবী গোষ্ঠীগুলোর জোট ফেডারেল ডেমোক্রেটিক ইউনিয়নের স্টিয়ারিং কাউন্সিল (এসসিইএফ) গত ২২ নভেম্বর এক বিবৃতিতে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) গণহত্যা-সংক্রান্ত রায় বাস্তবায়নে দেশের সব পক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার করেছে। এ ক্ষেত্রে ইউনাইটেড লিগ অব আরাকান (ইউএলএ)/আরাকান আর্মি (এএ)-সহ দেশের অভ্যন্তরীণ সব অংশীজন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতার কথা জানিয়েছে সংগঠনটি।

জাতিসংঘের সর্বোচ্চ আদালত রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের দায়বদ্ধতা নিয়ে রায় দেওয়ার কয়েক দিন পর এ বিবৃতি প্রকাশ করে এসসিইএফ। বিবৃতিতে বলা হয়, বর্তমানে রাখাইন রাজ্যের পশ্চিমাঞ্চলের অধিকাংশ এলাকায় কার্যত শাসন কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন করছে ইউনাইটেড লিগ অব আরাকান/আরাকান আর্মি।

আন্তর্জাতিক বিচারব্যবস্থার ক্ষেত্রে আদালতের রায়কে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করেছে এসসিইএফ। জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে আদালতের পর্যবেক্ষণ এবং পরবর্তী যেকোনো নির্দেশনা পর্যালোচনা অব্যাহত রাখার কথাও জানিয়েছে সংগঠনটি।

এসসিইএফ জোর দিয়ে বলেছে, আদালতের রায় অনুযায়ী যেসব তদন্ত ও বিচারপ্রক্রিয়া পরিচালিত হবে, তা কোনোভাবেই সন্দেহভাজন অপরাধীদের মাধ্যমে কিংবা তাদের কর্তৃত্বের অধীনে পরিচালিত হওয়া উচিত নয়।

বিবৃতিতে আরও বলা হয়, যেকোনো ধরনের সামরিক শাসন ভবিষ্যতে নৃশংসতা প্রতিরোধের নিশ্চয়তা দিতে পারে না। এ কারণে পূর্ণাঙ্গ বেসামরিক শাসন প্রতিষ্ঠা এবং সশস্ত্র বাহিনীর ওপর বেসামরিক নজরদারি ও নিয়ন্ত্রণ নিশ্চিত করতে রাজনৈতিক ও সামরিক কাঠামোর মৌলিক সংস্কারের আহ্বান জানিয়েছে কাউন্সিল।

একই সঙ্গে মিয়ানমারে কয়েক দশকের দায়মুক্তির সংস্কৃতির অবসান ঘটাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। মিয়ানমারের সামরিক নেতাদের সুরক্ষা দেওয়া কিংবা তাদের চলমান মানবাধিকার লঙ্ঘনে সহায়তা করার পরিবর্তে প্রকৃত জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে সংগঠনটি।

এদিকে, নিজেদের সদস্য সংগঠনগুলোর নিয়ন্ত্রণাধীন এলাকায় বেসামরিক নাগরিকদের সুরক্ষা, মানবিক সহায়তা প্রবেশের সুযোগ নিশ্চিত করা, বিদ্বেষমূলক বক্তব্য প্রতিরোধ এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ-সংক্রান্ত প্রমাণ সংরক্ষণের অঙ্গীকার করেছে এসসিইএফ। সংগঠনটির মতে, এসব পদক্ষেপ ভবিষ্যতে বিশ্বাসযোগ্য তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।