খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সশস্ত্র চোরাকারবারিদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে চারটি পিস্তল, ১৪ রাউন্ড গুলি এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (২৭ জুলাই) বিজিবির যামিনীপাড়া জোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার দিবাগত রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের সিংহপাড়া গ্রামের ভারতীয় সীমান্তসংলগ্ন এলাকায় যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে।

২৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন জানান, অভিযানের সময় বিজিবির টহলদল সীমান্ত এলাকায় চোরাকারবারিদের অবস্থান শনাক্ত করে ধাওয়া দেয়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি ও দুটি দেশি পিস্তল, ১৪ রাউন্ড গুলি এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ নিয়ে টহলদল বিওপিতে ফেরার পথে সশস্ত্র চোরাকারবারিরা মালামাল ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। প্রায় ৮ থেকে ১০ মিনিট থেমে থেমে গোলাগুলির পর চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন বলেন, সীমান্ত এলাকায় অনুপ্রবেশ, অস্ত্র-গোলাবারুদ ও মাদক পাচারের সম্ভাব্য রুটগুলোতে বিজিবির নজরদারি আরও জোরদার করা হয়েছে।