গরমের দিনেও নিয়ম করে হাঁটতেই হবে। নইলে শরীরে সমস্যা হওয়ার আশঙ্কা বাড়বে। তীব্র তাপপ্রবাহের মধ্যে ঠিক কত পা হাঁটলে শরীর সুস্থ থাকবে জেনে নিন। হাঁটলে পুরো শরীরেরই ব্যায়াম হয়। সেই সঙ্গে সুগার, প্রেশার, কোলেস্টেরলের মতো জটিল অসুখ থাকে নিয়ন্ত্রণে। এমনকি বাড়ে ফুসফুসের কার্যকারিতা।
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, দিনে ১০ হাজার পা হাঁটলেই সুস্থ থাকা সম্ভব হবে। তবে এই গরমে অনেকেই দিনে এত পা হাঁটতে পারবেন না। সেক্ষেত্রে নিজের ক্ষমতা অনুযায়ী হাঁটুন। তাহলে সুস্থ থাকতে পারবেন।
​কখন হাঁটবেন?​
তীব্র তাপমাত্রার মধ্যে সুস্থ থাকতে চাইলে একদম সকালবেলাতেই হাঁটতে হবে। চেষ্টা করুন সকাল ৫টা থেকে ৬টার মধ্যে হাঁটতে যাওয়ার। কারণ ওই সময় তাপমাত্রা কম থাকে। তবে যাদের ভোরের দিকে সময় হবে না, তারা রাত ৮টার পর হাঁটতে পারেন। তবে এই তাপদাহের মধ্যে কোনওমতেই রোদে হাঁটবেন না। তাহলে অসুস্থ হয়ে পড়তে পারেন।
এই গরমে হাঁটার সময় হালকা জামা-কাপড় পড়ুন। পায়ে ভালো জুতো আর সঙ্গে পানি রাখুন। রাস্তার চেয়ে ঘাসের মাঠে হাঁটলে বেশি উপকার পাবেন। তবে যাদের ডায়াবেটিস রয়েছে তারা সকালে হাঁটতে যাওয়ার আগে অবশ্যই একটু কিছু মুখে দিন। সঙ্গে রাখুন গ্লুকোজ। গরমে হাঁটতে গিয়ে যদি মাথা ঘুরে, শরীর অস্থির লাগে তাহলে গ্লুকোজ খেয়ে নিন।
হাঁটার সময় শরীর খারাপ লাগলে, খুব ক্লান্ত বোধ করলে, মাথা ঘুরলে সঙ্গে সঙ্গে ছাওয়ায় বসে পড়ুন। তারপর অল্প অল্প করে পানি খান। তাহলে সুস্থ বোধ করবেন।

-পার্বত্য সময়