নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানিসহ ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ভয়াবহ এই দুর্যোগ মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে কাঠমান্ডুকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকা।
বুধবার (২৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনায় বাংলাদেশের জনগণ গভীরভাবে শোকাহত। ভয়াবহ এই দুর্যোগ পরিস্থিতি বাংলাদেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
এতে আরও বলা হয়, দুর্যোগে শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। পর্যটকসহ আরও অনেকের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার ও জনগণ এই কঠিন সময়ে নেপাল সরকার এবং দেশটির বন্ধুত্বপূর্ণ জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে।
বন্যা ও ভূমিধসে নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বাংলাদেশ নিখোঁজদের দ্রুত উদ্ধার এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নিহতদের জন্য আমরা গভীর সমবেদনা জানাই। নিখোঁজদের দ্রুত উদ্ধার ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।’
নেপালের প্রতি বাংলাদেশের সংহতি পুনর্ব্যক্ত করে মন্ত্রণালয় আরও জানিয়েছে, দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় কাঠমান্ডুকে সহায়তা দিতে ঢাকা প্রস্তুত রয়েছে। প্রয়োজন অনুযায়ী ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে নেপালকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশ প্রস্তুত।


