রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট দ্বিতীয়বারের মতো সফলভাবে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়ে টানা প্রায় ৩০ ঘণ্টা ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছে। এ সময়ে সরবরাহ করা বিদ্যুতের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ কোটি ৬ লাখ টাকা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। এর আগে দ্বিতীয় দফায় পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে ১০ থেকে ২৪ ঘণ্টার পরিকল্পনা থাকলেও নির্ধারিত সময় অতিক্রম করে প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ অব্যাহত ছিল।
জাতীয় সঞ্চালন লাইনের একাধিক সূত্রের বরাতে জানা গেছে, নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) পরিচালনায় রূপপুরের প্রথম ইউনিট থেকে ধারাবাহিকভাবে প্রায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়।
দ্বিতীয় দফায় সফলভাবে বিদ্যুৎ সরবরাহের পর ইউনিটটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। বর্তমানে বিদ্যুৎ সরবরাহের সময় সংগৃহীত বিভিন্ন অপারেটিং প্যারামিটার, টারবাইন-জেনারেটর সিস্টেম এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতির কার্যকারিতা ও পারফরম্যান্স বিশ্লেষণ করা হচ্ছে। এসব বিশ্লেষণের ফলাফলের ভিত্তিতে পরবর্তী পরিচালন কার্যক্রম নির্ধারণ করা হবে বলে জানিয়েছে এনপিসিবিএল।
এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান গণমাধ্যমকে জানান, দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে যুক্ত হয়ে টানা ৩০ ঘণ্টা ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারা প্রতিষ্ঠানটির জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এটি এনপিসিবিএলের পরিচালন সক্ষমতা, প্রকৌশলী ও অপারেটরদের দক্ষতা এবং রাশিয়ান অপারেশনাল সহযোগীদের সঙ্গে সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন।
তিনি আরও জানান, অপারেটর হিসেবে এনপিসিবিএল বিদ্যুৎকেন্দ্রটির নিরাপদ, নির্ভরযোগ্য ও দক্ষ পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ। সর্বোচ্চ পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করে আন্তর্জাতিক মানদণ্ড ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসরণ করেই পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
এ অর্জনের সঙ্গে সংশ্লিষ্ট বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, রাশিয়ান সহযোগী প্রতিষ্ঠান এবং এনপিসিবিএলের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের অভিনন্দন জানান তিনি।
উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। দুটি ইউনিট পূর্ণাঙ্গভাবে চালু হলে দেশের বিদ্যুৎ উৎপাদনে বৈচিত্র্য আনা, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


