ইন্দোনেশিয়ার নৌবাহিনীর হাতে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেটসহ একটি বিদেশি জাহাজ আটকের খবরটি সত্য। তবে জাহাজটিকে ‘বিস্ফোরক তৈরির উপাদানসহ’ আটক এবং সেটি চীন থেকে বাংলাদেশে আসছিল- এমন দুটি তথ্যের সরাসরি উল্লেখ পাওয়া যায়নি দেশটির নৌবাহিনীর আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তিতে।

ইন্দোনেশিয়ার নৌবাহিনীর অফিশিয়াল ওয়েবসাইটে (tnial.mil.id) গত ২০ নভেম্বর প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, কোমোরোসের পতাকাবাহী এমভি স্টার লাইন (MV Star Line) নামের একটি বিদেশি জাহাজ থেকে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট জব্দ করা হয়েছে। গত ৭ নভেম্বর উত্তর সুমাত্রার বেলাওয়ান জলসীমায় জাহাজটি আটক করা হয়।

নৌবাহিনীর বিবৃতি অনুযায়ী, টহল জাহাজ কেআরআই সিগালু-৮৫৭ (KRI Sigalu-857) বেলাওয়ান উপকূলীয় জলসীমায় এমভি স্টার লাইনের সন্দেহজনক গতিবিধি শনাক্ত করে। জাহাজটির সঙ্গে রেডিও যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে জাহাজটিতে তল্লাশি চালিয়ে বিভিন্ন পণ্য জব্দ করা হয়।

তল্লাশিতে জাহাজটির ৩৬টি কনটেইনারের মধ্যে ১৫টিতে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট পাওয়া যায়। এছাড়া ৫৪টি প্যালেটে বিপুলসংখ্যক খালি ৪জি এলটিই সিম কার্ড উদ্ধার করা হয়।

তবে সোডিয়াম পারক্লোরেটকে সরাসরি ‘বিস্ফোরক’ হিসেবে উল্লেখ করেনি ইন্দোনেশিয়ার নৌবাহিনী। তাদের লিখিত বিবৃতিতে রাসায়নিকটিকে সোডিয়াম পারক্লোরেট এবং চোরাচালানের পণ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

জেনে রাখা ভালো, সোডিয়াম পারক্লোরেট নিজে সরাসরি বিস্ফোরক বা দাহ্য জ্বালানি নয়, তবে এটি একটি অত্যন্ত শক্তিশালী অক্সিডাইজার (জারক পদার্থ) যা বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয় এবং দাহ্য পদার্থের সাথে মিশলে বিস্ফোরণের ঝুঁকি তৈরি করতে পারে।

সোডিয়াম পারক্লোরেট একটি শক্তিশালী জারক রাসায়নিক। এটি বিভিন্ন শিল্পকারখানায় বৈধভাবে ব্যবহৃত হয়। পাশাপাশি অন্যান্য উপাদানের সঙ্গে নির্দিষ্ট প্রক্রিয়ায় ব্যবহার করে রকেটের প্রপেল্যান্ট ও বিস্ফোরক তৈরিতেও এর প্রয়োগ রয়েছে। তবে জাহাজে পাওয়া রাসায়নিকটি কী উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল, সে বিষয়ে তদন্তের ফলাফল এখনো সামনে আসেনি।

অন্যদিকে, মূল সংবাদে জাহাজটি চীন থেকে বাংলাদেশে আসছিল বলে উল্লেখ করা হলেও নৌবাহিনীর আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তিতে জাহাজটির যাত্রার উৎস বা গন্তব্য সম্পর্কে কোনো তথ্য নেই। স্থানীয় সংবাদমাধ্যমে সংবাদ সম্মেলনে কর্মকর্তাদের বক্তব্যের বরাতে চীন থেকে বাংলাদেশগামী রুটের কথা প্রকাশ করা হয়েছে। ফলে এই তথ্যটি লিখিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে স্বাধীনভাবে নিশ্চিত করা যাচ্ছে না।

ইন্দোনেশিয়ার নৌবাহিনী জানিয়েছে, আটক জাহাজটিকে আরও পরীক্ষা-নিরীক্ষা ও তদন্তের জন্য কোডারেল-১ (Kodaeral I) ঘাঁটিতে রাখা হয়েছে। জাহাজটির প্রশাসনিক নথিপত্র, সমুদ্রপথে চলাচলের বৈধতা এবং বিপজ্জনক পণ্য পরিবহনের নিয়ম অনুসরণ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় ইন্দোনেশিয়ার নৌবাহিনীর পাশাপাশি দেশটির জাতীয় মাদক সংস্থা (BNN), পুলিশ (Polri), কাস্টমস (Bea Cukai) ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ যৌথভাবে তদন্ত করছে।

ফ্যাক্ট চেককৃত তথ্য অনুযায়ী, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেটসহ জাহাজ আটকের খবরটি সত্য। তবে রাসায়নিকটিকে সরাসরি ‘বিস্ফোরক’ হিসেবে আখ্যায়িত করা এবং জাহাজটির চীন থেকে বাংলাদেশে আসার তথ্যকে নৌবাহিনীর আনুষ্ঠানিক বিবৃতির বক্তব্য হিসেবে উপস্থাপনের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন।