কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিকে, আওয়ামী লীগ ইস্যুতে সরকার আগামী সাত দিনের বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে এবং ‘নো মার্সি,’ (কোনো ছাড় নয়) বার্তার কথা উল্লেখ করা হয়েছে বলে দাবি সূত্রের।

প্রধানমন্ত্রী বলেছেন, “খুনি-সন্ত্রাসীদের পরিষ্কার জবাব দিতে হবে- এনাফ ইজ এনাফ (যথেষ্ট হয়েছে, আর না)। বাংলাদেশের মানুষ আর গুম-খুনের রাজনীতিতে ফিরে যেতে চায় না।”

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটের মহেন্দ্রনগর মণ্ডলেরহাটে ‘মডেল খাল পুনঃখনন’ কর্মসূচিতে অংশ নিয়ে দেওয়া বক্তব্যে সরকারপ্রধান এসব কথা বলেন।

এদিকে, আওয়ামী লীগ ইস্যুতে সরকার ও বিএনপির শীর্ষ পর্যায়ে বিশেষ তৎপরতার খবর পাওয়া গেছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিএনপির শীর্ষ নেতাদের আগামী সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিদ্যমান আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

সূত্রের দাবি, এ বিষয়ে বিএনপির নেতারা ঐকমত্যে পৌঁছেছেন। ২০ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করাকেই বিশেষ উপহার হিসেবে বিবেচনা করছেন তারা। এ লক্ষ্য সামনে রেখে আগামী কয়েক দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা বলেন, ‘আগামী সপ্তাহটা পতিত আওয়ামী লীগ আজীবন মনে রাখবে। নো মার্সি!’

অন্যদিকে, জামায়াতে ইসলামী, এনসিপিসহ অন্যান্য বিরোধী দল শুক্রবার থেকে মাঠপর্যায়ে সক্রিয় হওয়ার বিষয়ে সরকারকে অবহিত করেছে বলে জানা গেছে। এ কর্মসূচি বাস্তবায়নে দলগুলো পুলিশের সহযোগিতাও চেয়েছে বলে দাবি করেছে সংশ্লিষ্ট সূত্র।

সব মিলিয়ে আওয়ামী লীগ ইস্যুতে সরকারের পরবর্তী পদক্ষেপ, বিএনপির অবস্থান এবং বিরোধী দলগুলোর মাঠপর্যায়ের তৎপরতা আগামী কয়েক দিনের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।