দেশের ৫০০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সমজাতীয় সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারে পাঁচ হাজার অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রশাসনিক, আর্থিক ও বাস্তবায়ন কার্যক্রম সম্পন্ন করতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সম্প্রতি মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। যেসব স্বাস্থ্য কমপ্লেক্সে আগে থেকেই আনসার সদস্য রয়েছেন, সেখানে সমন্বয়ের মাধ্যমে মোট ১০ জন সদস্য নিশ্চিত করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালককে মোতায়েন কার্যকর করে বাস্তবায়ন প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

সরকারি হিসাবে, পাঁচ হাজার আনসার সদস্যের বেতন-ভাতায় বছরে ব্যয় হবে ১১৯ কোটি ৩৭ লাখ ৩৮ হাজার ৭৫০ টাকা। স্বাস্থ্যসেবা বিভাগের সম্মতির ভিত্তিতে এ ব্যয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পরিশোধ করা হবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ উদ্যোগের ফলে উপজেলা পর্যায়ের সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারের পাশাপাশি চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং রোগীদের জন্য আরও নিরাপদ পরিবেশ নিশ্চিত হবে।