বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করা মিয়ানমারের আইনশৃঙ্খলা বাহিনীর ১৪ সদস্যকে আলীকদম থানায় হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়।
হস্তান্তর করা ১৪ জনের মধ্যে মিয়ানমার সেনাবাহিনীর আটজন সদস্য, তিনজন পুলিশ সদস্য এবং তিনজন গ্রাম পুলিশ (পিডিএফ) সদস্য রয়েছেন।
আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, তাদের ১৪ জনই পুরুষ এবং বিভিন্ন বয়সী। প্রাথমিকভাবে তাদের মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে। বাংলাদেশে প্রবেশের সময় তারা নিরস্ত্র ও বেসামরিক পোশাকে ছিলেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) তারা আলীকদম ব্যাটালিয়নের আওতাধীন কিল্লাইপাড়া চেকপোস্টে এসে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। পরে বিজিবি সদস্যরা তাদের হেফাজতে নিয়ে ব্যাটালিয়ন সদরে নিয়ে যান এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন।
বিজিবি জানায়, কী কারণে বা কোন পরিস্থিতিতে তারা মিয়ানমার থেকে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
পরে তাদের বান্দরবান সদর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। স্বাস্থ্য পরীক্ষা শেষে বুধবার তাদের আলীকদম থানায় হস্তান্তরের সব প্রক্রিয়া সম্পন্ন করে বিজিবি।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, অনুমতি ছাড়া সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের ঘটনায় প্রচলিত আইন, ফরেনার্স অ্যাক্ট এবং সীমান্ত নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা-সংক্রান্ত বিধিবিধান অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, ‘বুধবার রাতে বিজিবি আটক ১৪ জনকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’


