রাজধানীর বনানীর ব্যস্ত সড়কে ছুরি হাতে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করেছিলেন এক যুবক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ধারালো অস্ত্র হাতে প্রতিরোধের চেষ্টা করেন তিনি। একপর্যায়ে ঝুঁকি নিয়ে এগিয়ে গিয়ে ওই যুবককে আটক করেন বনানী থানার এসআই বিকিরণ চাকমা।

গত শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাহসিকতার জন্য প্রশংসিত হচ্ছেন বিকিরণ চাকমা।

পুলিশ জানায়, ছুরি হাতে এক যুবক মোটরসাইকেল আরোহীকে জিম্মি করে ছিনতাইয়ের চেষ্টা করছেন-এমন খবর পেয়ে ঘটনাস্থলে যায় বনানী থানা পুলিশ। সেখানে ওই যুবক পুলিশকে ছুরি দেখিয়ে প্রতিরোধের চেষ্টা করেন। পরে বিকিরণ চাকমা ঝুঁকি নিয়ে এগিয়ে গিয়ে তাকে নিয়ন্ত্রণে নেন। এ সময় তার কাছ থেকে একটি ধারালো ছোরা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম আলী। তার বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের মোমরেজপুর গ্রামে। পুলিশ তাকে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের অন্যতম হোতা হিসেবে উল্লেখ করেছে।

ঘটনার সময় ব্যস্ত সড়কে ছুরি হাতে ওই যুবককে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ তাকে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে সামনে থেকে এগিয়ে গিয়ে তাকে আটক করেন এসআই বিকিরণ। পরে অন্য পুলিশ সদস্যরা তাকে হেফাজতে নেন।

বিকিরণ চাকমার ছিনতাইকারীকে আটক করার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তার সাহসিকতার প্রশংসা করেন অনেকে। বিশেষ করে ছুরি হাতে থাকা ব্যক্তিকে ঝুঁকি নিয়ে সামনে থেকে নিয়ন্ত্রণে নেওয়ার দৃশ্যটি নজর কাড়ে।

বিকিরণ চাকমা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর একজন। রাজধানীর ব্যস্ত সড়কে দায়িত্ব পালনকালে ছুরি হাতে ছিনতাইকারীকে আটকের ঘটনায় তার পরিচয়ও নতুন করে সামনে এসেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, আলীর বিরুদ্ধে বনানী থানায় চুরি এবং গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। এর আগে ঈশ্বরগঞ্জ থানায় দায়ের করা একটি মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন।

পুলিশের দাবি, আলী দীর্ঘদিন ধরে ঢাকা ও আশপাশের এলাকায় মোটরসাইকেল চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি বিপুল অর্থ উপার্জন করেছেন বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে।

বনানী থানা পুলিশ জানায়, আলীর সঙ্গে জড়িত চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে। একই সঙ্গে তার বিরুদ্ধে থাকা আগের মামলাগুলোর তথ্যও যাচাই করা হচ্ছে।