মাথায় টুপি, পরনে পাঞ্জাবি-পায়জামা, গলায় হাজি রুমাল। সাইকেলের সামনে কাবাঘরের আদলে তৈরি একটি বাক্স, পেছনে বড় বাক্সে নিজের নাম-ঠিকানার পাশাপাশি বিভিন্ন দেশের পতাকা ও মক্কা-মদিনার ছবি। ব্যতিক্রমী সাজের একটি সাইকেল নিয়ে পাহাড়ি পথে ছুটে চলেছেন এক ব্যক্তি। তাঁকে দেখে পথচারীদের মনে জাগছে নানা কৌতূহল। দুই চোখে পবিত্র হজ পালনের স্বপ্ন আর হৃদয়ে মক্কা-মদিনার প্রতি গভীর ভালোবাসা নিয়ে ছুটে চলা এই মানুষটির নাম মো. ফারুক আহমেদ। বাড়ি সাতক্ষীরার দেবহাটা উপজেলার শিমুলিয়া গ্রামে।

পাহাড়ের উঁচু-নিচু পথ বেয়ে সাইকেল চালাতে গিয়ে ঘামে ভিজে যায় শরীর। কখনো পাহাড়ের চূড়ায় ওঠার ক্লান্তি, আবার কখনো ঢাল বেয়ে নামার সময় শীতল বাতাসে স্বস্তি। তবু থেমে নেই তাঁর পথচলা। দীর্ঘদিনের লালিত স্বপ্ন একদিন সাইকেল চালিয়ে সৌদি আরব পৌঁছানো, পবিত্র হজ পালন করা এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করা।
ফারুক আহমেদ জানান, ছোটবেলা থেকেই পবিত্র হজ পালনের স্বপ্ন দেখতেন তিনি। সাতক্ষীরার নলতা খান বাহাদুর আহছানউল্লাহ দারুল উলুম মাদ্রাসায় পড়াশোনা করেছেন। পরে ইউনিয়ন পরিষদের ট্যাক্স আদায়ের কাজের পাশাপাশি পৈতৃক সূত্রে পাওয়া জমিতে চাষাবাদ করতেন। ২০০৮ সালে মাদ্রাসা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার পর কাজের সন্ধানে ভারতে যান। সেখানে বিভিন্ন ধরনের কাজ করে উপার্জিত অর্থ দেশে পাঠাতেন।

কিন্তু হজ্ব পালনের জন্য জমানো অর্থ শেষ পর্যন্ত আর ধরে রাখতে পারেননি। তাঁর ভাষ্য, ভারতে উপার্জিত টাকা দেশে পাঠানোর পর পরিবারের প্রয়োজনে ব্যয় হয়ে যায়। মায়ের মাধ্যমে বোনদের পেছনেও খরচ হয় সেই অর্থ। এতে প্রথমবারের মতো ভেঙে যায় হজ্বে যাওয়ার স্বপ্ন।
তবে দমে যাননি ফারুক। দেশে ফিরে গরু পালন শুরু করেন। সেখান থেকে আয় করে আবারও অর্থ জমাতে থাকেন। কিন্তু দ্বিতীয়বারও পরিবারের প্রয়োজন মেটাতে জমানো অর্থ ব্যয় হয়ে যায়। পরপর দুবার স্বপ্নভঙ্গ হলেও পবিত্র ভূমিতে যাওয়ার আকাঙ্ক্ষা ছাড়েননি তিনি।
এরপর দূতাবাসে যোগাযোগ করে জানতে পারেন, ভিসা কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে। অপেক্ষায় থাকতে থাকতেই একসময় ভারতীয় ভিসা চালুর খবর পান। প্রথমে পায়ে হেঁটে সৌদি আরব যাওয়ার পরিকল্পনা করলেও পরে নিজের শখের সাইকেলটি নিয়ে ভাবতে শুরু করেন। তাঁর মনে হয়, সাইকেলে যাত্রা করলে সময় ও পরিশ্রম কিছুটা সাশ্রয় হতে পারে। সেই ভাবনা থেকেই সাইকেলে সৌদি আরব যাওয়ার স্বপ্ন বাস্তবায়নের প্রস্তুতি শুরু করেন।
এরই মধ্যে ২০২৬ সালের জুনের দিকে তাঁর মাদ্রাসার এক প্রিন্সিপাল তাঁকে ওমরাহ পালনের সুযোগ করে দেওয়ার প্রস্তাব দেন। ফারুকও রাজি হয়ে যান। মাত্র দুই দিনের মধ্যে ভিসার ব্যবস্থা হয়ে যায়। তবে সাইকেলে নয়, বিমানে করেই জীবনে প্রথমবারের মতো পবিত্র মক্কা ও মদিনায় যাওয়ার সুযোগ হয় তাঁর।
ওমরাহ পালন শেষে প্রায় তিন মাস আগে দেশে ফিরলেও মক্কা-মদিনার স্মৃতি তাঁকে যেন কিছুতেই ছাড়ছিল না। পবিত্র ভূমির প্রতি গভীর টান থেকেই নতুন করে প্রতিজ্ঞা করেন, একদিন সাইকেল চালিয়েই পৌঁছাবেন প্রিয় মদিনায়। সেই প্রতিজ্ঞাকে সামনে রেখেই শুরু হয় নতুন প্রস্তুতি।
অবশেষে স্বপ্ন পূরণের লক্ষ্যে সাতক্ষীরা থেকে সাইকেল নিয়ে যাত্রা শুরু করেন ফারুক। ঢাকায় পৌঁছে সৌদি আরব যাওয়ার প্রয়োজনীয় কাগজপত্র দূতাবাসে জমা দেন। তবে অনাপত্তিপত্র (এনওসি) পেতে কিছুটা সময় লাগায় ঢাকায় বসে না থেকে দেশের বিভিন্ন অঞ্চল ঘুরে দেখার সিদ্ধান্ত নেন তিনি।
সেই পরিকল্পনায় ঢাকা থেকে সিলেট হয়ে দেশের বিভিন্ন জেলা ঘুরে পৌঁছে যান পার্বত্য জেলা খাগড়াছড়িতে। জেলার বিভিন্ন সড়ক পেরিয়ে সর্বশেষ মহালছড়ি উপজেলায় এসে পৌঁছান তিনি। পরবর্তী গন্তব্য রাঙামাটি। সেখান থেকে বান্দরবান ঘুরে আবার ঢাকায় ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর।
ফারুক জানান, সাইকেলে সৌদি আরব যেতে হলে সামনে পাড়ি দিতে হবে অনেক পাহাড়-পর্বত ও দুর্গম পথ। তাই মূল যাত্রার আগে বাংলাদেশের পাহাড়ি অঞ্চলগুলো ঘুরে দেখতে চান তিনি। এতে দেশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি দুর্গম পাহাড়ি পথে সাইকেল চালানোর অভিজ্ঞতাও অর্জন হবে।
তবে তাঁর এই যাত্রা কেবল ভ্রমণ কিংবা শারীরিক সক্ষমতা যাচাইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। পথেঘাটে মানুষের সঙ্গে কথা বলে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা করেন তিনি। বিশেষ করে মুসলিমদের নিয়মিত নামাজ আদায় এবং কোনো অবস্থাতেই নামাজ কাজা না করার বিষয়ে উৎসাহিত করেন।

যাত্রাপথে অনেকেই তাঁকে আর্থিক সহায়তা কিংবা উপহার দিতে চান। কিন্তু ফারুকের ভাষ্য, অর্থ উপার্জন তাঁর এই অভিযাত্রার উদ্দেশ্য নয়। আল্লাহ ও রাসুলের প্রতি ভালোবাসা এবং দেশবাসীর দোয়াই তাঁর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। তারপরও কেউ ভালোবেসে জোর করে অর্থ দিলে তাঁদের মন রাখতে তা গ্রহণ করেন। পরে সেই অর্থ এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করেন। কোথাও উপযুক্ত অসহায় মানুষ না পেলে স্থানীয় মসজিদ কিংবা মাদ্রাসায় দান করেন।
পাহাড়ি পথে চলার ফাঁকে বিভিন্ন স্থানে বিশ্রাম নেন তিনি। সেই সময়টুকুও কাটে ইবাদতে। আদায় করেন নফল নামাজ। দুই হাত তুলে দোয়া করেন মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধির জন্য।
সাইকেলের সামনে কাবাঘরের আদলে তৈরি বাক্স আর পেছনে বিভিন্ন দেশের পতাকা-সম্বলিত বাক্স নিয়ে ফারুকের এই ব্যতিক্রমী যাত্রা ইতোমধ্যে পথচারীদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। তবে তাঁর কাছে এটি নিছক কোনো ভ্রমণ নয়; বরং দীর্ঘদিনের লালিত স্বপ্ন, ধৈর্য, আত্মবিশ্বাস ও পবিত্র ভূমির প্রতি গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ।
সব বাধা পেরিয়ে একদিন সাইকেল চালিয়ে সৌদি আরবে পৌঁছানো, পবিত্র হজ পালন এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করাই তাঁর প্রত্যাশা। সেই স্বপ্ন পূরণে দেশবাসীর কাছে দোয়া ও ভালোবাসা চেয়েছেন ফারুক আহমেদ। তাঁর বিশ্বাস, মহান আল্লাহর রহমত ও মানুষের দোয়ায় একদিন পূরণ হবে বহুদিনের লালিত সেই স্বপ্ন।


