সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টাকালে আট রোহিঙ্গাসহ ১২ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের কুওরেরমাটি বটরবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক রোহিঙ্গারা কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং ক্যাম্প-১-এর বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্যমতে, সিলেট নগরের কদমতলী এলাকা থেকে দুটি সিএনজিচালিত অটোরিকশায় করে রোহিঙ্গাদের কানাইঘাটে নিয়ে আসা হয়। পরে দনা সীমান্ত দিয়ে তাঁদের ভারতে পাচারের পরিকল্পনা ছিল। এ জন্য সুরমা নদীর কুওরেরমাটি বটরবাজার এলাকায় একটি নৌকাও প্রস্তুত রাখা হয়েছিল।
পাচারকারী চক্রের আটক দুই সদস্য হলেন কানাইঘাটের এরালীগুল গ্রামের আছাদ (২২) ও বড়খেরড় গ্রামের সাদ্দাম হোসেন (২২)। এছাড়া অটোরিকশার দুই চালক সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার রফিক (৬৫) ও নেত্রকোনার এলাছ উদ্দিন (৪৪) রয়েছেন।
পুলিশ জানায়, যাতায়াতে দেরি হওয়ায় নৌকার মাঝির সঙ্গে দালালদের ঘন ঘন ফোনালাপ স্থানীয় বাসিন্দাদের সন্দেহের সৃষ্টি করে। পরে স্থানীয় লোকজন কুওরেরমাটি মাদ্রাসার সামনে অটোরিকশা দুটি আটকে জিজ্ঞাসাবাদ করলে পাচারের বিষয়টি বেরিয়ে আসে।
এরপর স্থানীয়দের সহায়তায় পুলিশ রোহিঙ্গাসহ পাচারকারী চক্রের সদস্যদের আটক করে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, আটক রোহিঙ্গারা কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প থেকে পালিয়ে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পাশাপাশি পাচারকারী চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও আটকের জন্য তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি।


