কক্সবাজারের টেকনাফে অপহরণ, মানবপাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেইসঙ্গে অপহরণ ও মানবপাচারের সঙ্গে জড়িতদের তালিকা প্রস্তুত, তাদের সহযোগীদের চিহ্নিত করে যৌথ বাহিনীর মাধ্যমে অভিযান চালানোর সিদ্ধান্ত হয়েছে।
শনিবার (৪ জুলাই) সকালে টেকনাফ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিশেষ আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে প্রধান অতিথি উখিয়া-টেকনাফের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী জানান, টেকনাফের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নিরাপত্তা জোরদার এবং মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, সভায় টেকনাফের পাহাড়কেন্দ্রিক অপহরণ এবং সাগরপথে মানবপাচারের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে সমন্বিতভাবে অভিযান পরিচালনা করা হবে।
জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ সেনাবাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ, কোস্ট গার্ড, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
সভায় টেকনাফে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।


