কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালিয়ে ক্রিস্টাল মেথ (আইস), আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২ জুলাই) ভোর আনুমানিক ৩টা ২০ মিনিটে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধীন সাবরাং বিওপি থেকে প্রায় ৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ডেইল পাড়া এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়।

পরবর্তীতে ভোর আনুমানিক ৪টার দিকে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি একটি ইজিবাইকে করে সাবরাং বাজার থেকে মেরিন ড্রাইভ সড়ক হয়ে কক্সবাজারের দিকে যাচ্ছিলেন। চেকপোস্টে থামার সংকেত দিলে তারা ইজিবাইকটি ফেলে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে বিজিবি সদস্যরা পরিত্যক্ত ইজিবাইকটি তল্লাশি করে ক্রিস্টাল মেথ/আইস, দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেন।

উদ্ধারকৃত সামগ্রী হিসেবে ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ১টি জি-৩ রাইফেল, ১টি দেশীয় তৈরি এলজি, ১টি জি-৩ রাইফেলের ম্যাগাজিন, ১৩ রাউন্ড গুলি এবং ১টি ইজিবাইক জব্দ করা হয়েছে।

এ বিষয়ে বিজিবি জানায়, উদ্ধারকৃত সামগ্রী পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।