রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাঙামাটি রিজিয়নের আওতাধীন ১১ আরই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় এ চিকিৎসাসেবা প্রদান করা হয়।

মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত কাপ্তাইয়ের হাজার মানিক এলাকায় এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এ সেবা কার্যক্রম পরিচালনা করেন ১১ আরই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাজু আহমেদ।

এ সময় ব্যাটালিয়নের মেডিকেল অফিসারদের মাধ্যমে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।

দুর্গম পাহাড়ি এলাকার বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসাসেবা নিতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ ক্যাম্পে উপস্থিত হন।

ভবিষ্যতেও এ ধরনের বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল রাজু আহমেদ।