রাঙামাটির বরকল উপজেলার সীমান্ত এলাকা থেকে ভারতে পাচারকালে বিপুল পরিমাণ সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৮ জুন) সকালে উপজেলার ছোট হরিণা বিজিবি ঘাটে তল্লাশির সময় এসব সার জব্দ করা হয়।

জব্দকৃত সারগুলোর মধ্যে রয়েছে ৩৬ বস্তা ইউরিয়া, ৮ বস্তা টিএসপি এবং ২৭ বস্তা জৈব সার। সব মিলিয়ে মোট ৩ হাজার ৫৫০ কেজি সার জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

১২ বিজিবির হাবিলদার কে এম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে সার পাচারের সম্ভাবনার তথ্যের ভিত্তিতে সকাল থেকেই নদীপথে টহল জোরদার করা হয়। পাশাপাশি নদীপথে চলাচলকারী প্রতিটি নৌযানে তল্লাশি চালানো হয়।

১২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবি নিয়মিতভাবে অভিযান ও নজরদারি চালিয়ে যাচ্ছে।