রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে বিজিবির ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা স্কুলশিক্ষিকা সুমন্তি চাকমার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নিহত শিক্ষিকার শিশুকন্যার লেখাপড়ার দায়িত্ব নেওয়ার পাশাপাশি পরিবারের শিশুকন্যা প্রান্তির শিক্ষা ও সুন্দর ভবিষ্যতের জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়েছে।

সোমবার (২০ জুলাই) বাঘাইছড়ির ২৭ বিজিবির মারিশ্যা জোন কার্যালয়ে বিজিবি, প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও নিহত শিক্ষিকার পরিবারের সদস্যদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ আশ্বাস দেয় বিজিবি।

বৈঠক শেষে সাজেক ইউপি চেয়ারম্যান অতুলাল চাকমা জানান, দুর্ঘটনার দিন নিহত শিক্ষিকার পরিবারকে এক লাখ টাকা দেওয়া হয়েছে। ধর্মীয় আনুষ্ঠানিকতার জন্য আগামী রোববারের মধ্যে আরও চার লাখ টাকা দেওয়া হবে।

তিনি জানান, নিহত শিক্ষিকার আট বছর বয়সী মেয়ে প্রাপ্তি চাকমার শিক্ষার দায়িত্ব নিয়েছে বিজিবি। পাশাপাশি শিক্ষিকার ভাই এইচএসসি পাস করে শারীরিকভাবে উপযুক্ত হলে তাকে বিজিবিতে চাকরির সুযোগ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়া দুর্ঘটনা প্রতিরোধে সড়কের ছয়টি ঝুঁকিপূর্ণ স্থানে গতিরোধক নির্মাণ করা হচ্ছে।

বৈঠকে ২৭ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম বলেন, বিজিবি নিহত শিক্ষিকার পরিবারের পাশে থাকবে এবং শিশুকন্যা প্রান্তির শিক্ষা ও সুন্দর ভবিষ্যতের জন্য সব ধরনের সহযোগিতা করবে।

উল্লেখ্য, গত শনিবার (১৮ জুলাই) সকালে সাজেকের চাম্পাতলী এলাকায় বিজিবির একটি ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী অন্তঃসত্ত্বা স্কুলশিক্ষিকা সুমন্তি চাকমার মৃত্যু হয়। তিনি সাজেক ইউনিয়নের ডাব আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। সন্তান প্রসবের জন্য তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়ার পথে দুর্ঘটনায় তিনি ও তার গর্ভের সন্তান নিহত হন।