রাঙামাটির বন্যাকবলিত এলাকার অতিদরিদ্র ঋণগ্রহীতাদের কাছ থেকে চলতি মাসের ঋণের কিস্তি আদায় না করতে এনজিওগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। একই সঙ্গে কিস্তি পরিশোধে বিলম্বের কারণে ক্ষতিগ্রস্তদের কাছ থেকে অতিরিক্ত সুদ বা জরিমানা আদায় না করারও অনুরোধ জানিয়েছেন তিনি।

রোববার (১২ জুলাই) রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।

তিনি বলেন, বন্যায় এ অঞ্চলের অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের মধ্যে অনেকে বিভিন্ন প্রয়োজনে এনজিও থেকে ঋণ নিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে তাদের পক্ষে চলতি মাসের কিস্তি পরিশোধ করা অত্যন্ত কঠিন। তাই এ মাসের কিস্তি পরবর্তীতে গ্রহণ এবং বিলম্বের কারণে কোনো ধরনের সুদ বা জরিমানা আরোপ না করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী জেলা প্রশাসক নাজমা আশরাফীকে সংশ্লিষ্ট এনজিওগুলোর কাছে এ অনুরোধ পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য দীপেন দেওয়ান, জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য (যুগ্মসচিব) সুমন বড়ুয়া, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী জালাল উদ্দীনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।