রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ডাম্প ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা এক অন্তঃসত্ত্বা স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় তার গর্ভে থাকা সন্তানেরও মৃত্যু হয়।
শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সাজেক ইউনিয়নের চাম্পাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন্তি চাকমা (৩০) সাজেক ইউনিয়নের চাপ আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সন্তান প্রসবের জন্য সুমন্তি চাকমাকে সাজেক থেকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে চাম্পাতলী এলাকায় পৌঁছালে একটি ডাম্প ট্রাক সিএনজিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাঘাইছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সঞ্চয়ন চাকমা জানান, সুমন্তি চাকমা মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। সকালে তাকে হাসপাতালে নেওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, ডাম্প ট্রাকের ধাক্কায় এক শিক্ষিকা আহত হয়ে হাসপাতালে নেওয়ার খবর তিনি পেয়েছেন। তবে তার মৃত্যুর বিষয়ে তিনি নিশ্চিত ছিলেন না।


