কক্সবাজারের উখিয়ায় অভিনব কায়দায় ইয়াবা পাচারের সময় অস্ত্র ও গুলিসহ তিন মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ২ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম।
বিজিবি জানায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে পালংখালী বিওপির টহল দল আঞ্জুমান পাড়ায় মনিরের ঘের এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন ৪-৫ জন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বেলাল উদ্দিন (৩৫) ও খোরশেদ আলম (২৬) নামে দুজনকে আটক করা হয়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, একটি ডুবন্ত কাঠের ক্যারিয়ার, ২ কিলোমিটার স্টিলের তার, ৯টি কপিকল, একটি ইলেকট্রিক মোটর ও ব্যাটারি উদ্ধার করা হয়।
বিজিবির অনুসন্ধানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। মাদক কারবারিরা নাফ নদীতে ডুবন্ত কাঠের ক্যারিয়ারে করে ইয়াবা ভরে স্টিলের তার ও কপিকলের সাহায্যে টেনে বাংলাদেশে নিয়ে আসে। একজন কারবারি পানিতে মাছ ধরার ছলে ক্যারিয়ারের সাথে সাথে আসে। এই পদ্ধতিতে একবারে ৩০ লাখ পিস ইয়াবা পর্যন্ত আনা সম্ভব। গত ৯ সেপ্টেম্বর একই কায়দায় ১৪ লাখ পিস ইয়াবা আটক করেছিল বিজিবি।
অপরদিকে, মঙ্গলবার ভোর ৩টার দিকে বালুখালী বিওপির টহল দল সোহেলের ঘের এলাকা থেকে মোঃ রকি আহমেদ (২৬) নামে আরেক কারবারিকে ২ লাখ পিস ইয়াবাসহ আটক করে। এছাড়া পালংখালী এলাকা থেকে মালিকবিহীন আরও ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অধিনায়ক জানান, এ বছর ৬৪ বিজিবি এ পর্যন্ত ১ কোটি ৬৬ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ও ২২৮ জন আসামি আটক করেছে। চোরাকারবারিরা যতই অভিনব পন্থা অবলম্বন করুক, বিজিবির অভিযান অব্যাহত থাকবে।


