কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় মানবপাচারের প্রস্তুতিকালে নারী, পুরুষ ও শিশুসহ আটজনকে উদ্ধার করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনী। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে পাঁচজন নারী, দুজন পুরুষ ও আট মাস বয়সী একটি শিশু রয়েছে। আইএসপিআর জানিয়েছে, উদ্ধারকৃত সকলেই রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য এবং এফডিএমএন ক্যাম্প-১৮ ও ক্যাম্প-২০ এর বাসিন্দা।

রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়। সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের নেতৃত্বাধীন যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করে।

যৌথবাহিনী সূত্র জানায়, প্রায় ৭০ থেকে ৮০ জন নারী, পুরুষ ও শিশুকে নৌকায় করে সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে লেঙ্গুরবিল এলাকায় জড়ো করা হয়েছিল। এমন তথ্য পাওয়ার পর যৌথবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। এ সময় পাচারকারীরা কয়েকজন ভুক্তভোগীকে নিয়ে পালানোর চেষ্টা করে।

যৌথবাহিনীর দাবি, পাচারকারীরা নৌকায় করে সমুদ্রের দিকে পালানোর সময় সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে যৌথবাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালান। একপর্যায়ে পাচারকারীরা পাচারের উদ্দেশ্যে জড়ো করা ব্যক্তিদের ফেলে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে পাঁচ নারী, দুই পুরুষ ও আট মাস বয়সী শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উদ্ধার হওয়া ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘সেনাবাহিনী রোববার রাতে মালয়েশিয়াগামী আটজন ভুক্তভোগীকে থানায় হস্তান্তর করেছে। তাঁদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

যৌথবাহিনী সূত্র জানায়, মানবপাচারকারী ও মাদক কারবারিদের বিরুদ্ধে সেনাবাহিনীর নেতৃত্বে সমন্বিত অভিযান অব্যাহত রয়েছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযানের পাশাপাশি অপরাধীদের ব্যবহৃত সম্ভাব্য এলাকা ও রুটগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে। এসব অভিযানে ইতিমধ্যে উল্লেখযোগ্যসংখ্যক অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। চিহ্নিত অপরাধী চক্রের মূল হোতাদের শনাক্ত ও গ্রেপ্তারের কার্যক্রমও চলমান রয়েছে।