ঘূর্ণিঝড় ‘আকভান’-এর কারণে জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিনে আটকে পড়া দেড় হাজার পর্যটকের মধ্যে শনিবার সাত শতাধিক পর্যটক কাঠের ট্রলারে সেন্টমার্টিন ছেড়েছেন। টেকনাফের শাহপরীরদ্বীপ হয়ে পর্যটকরা ফিরে আসেন। শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টার পর থেকে ট্রলার গুলো একে একে সেন্টমার্টিন ছাড়ে। পরে দুপুরের পর থেকে ট্রলার গুলো নিরাপদে শাহপরীরদ্বীপে পৌঁছেন। ফিরে আসা পর্যটকরা ভোগান্তির জন্য জাহাজ মালিকদের দায়ী করেন।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, গত ১৯ তারিখ থেকে পর্যটকরা দ্বীপে আটকে থাকায় অনেকটা অস্তির হয়ে পড়েন। শনিবার সকাল থেকে সাগর শান্ত থাকায় প্রশাসনের মৌখিক অনুমতি নিয়ে পর্যটকদের কাঠের ট্রলারে শাহপরীরদ্বীপ হয়ে ফিরে যাওয়ার ব্যবস্থা করা হয়। সকালে নয়টি ট্রলার পর্যটকদের নিয়ে রওনা হয় পরে সংকেত নামিয়ে ফেলার পর আরো ৭টি ট্রলার টেকনাফের উদ্দেশ্যে ছেড়ে যায়।

তিনি আরও জানান, ৬০-৭০ জন ধারণ ক্ষমতার বড় কাঠের ট্রলার গুলোকে ৪০-৫০ জন পর্যটকদের পরিবহনের অনুমতি দেওয়া হয়েছে। ফলে তারা নিরাপদে শাহপরীরদ্বীপে পৌঁছেছে বলে জানতে পেরেছি। দ্বীপে এখনও পাঁচ শতাধিক পর্যটক রয়েছেন বলে জানান তিনি।

এদিকে ফিরে আসা পর্যটকদের সাথে কথা বলে জানা গেছে, দুইদিন আটকে থাকার ফলে তাদের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। অনেকের বিমান টিকেট কক্সবাজারসহ বিভিন্ন স্থানে হোটেল বুকিং ছিল। আবার সেন্টমার্টিনে অতিরিক্ত দুইদিন রাত্রী যাপনের ফলে অতিরিক্ত টাকা খরচ হয়েছে।

রাজশাহী থেকে ভ্রমণে আসা শিশির সাহা বলেন, জাহাজ মালিকরা যদি সচেতন থাকতেন। পর্যটকদের যদি আবহাওয়া পরিস্থিতি নিয়ে সতর্ক করতেন তাহলে তারা সেখানে রাত্রী যাপন করতেন না। ভোগান্তি ও আর্থিক ক্ষতির শিকার ও হতেন না। তবে ফিরে আসা পর্যটকরা জানান, দ্বীপের বাসিন্দারা তাদের সাথে ভালো ব্যবহার ও সহযোগীতা করেছেন।  

সেন্টমার্টিন সাভিস ট্রলার মালিক সমিতিরি সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম জানান, পঞ্চাশ টাকা ছাড় দিয়ে পর্যটকদের কাছ থেকে জনপ্রতি তিনশ পঞ্চাশ টাকা ভাড়া নেওয়া হয়েছে এবং সেন্টমার্টিন ছেড়ে যাওয়া সকল ট্রলার নিরাপদে শাহপরীরদ্বীপে পৌঁছেছে।

ঘূর্ণিঝড় আকভানের কারণে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারী করার ফলে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে কক্সবাজার সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ থাকায় দেড় হাজার পর্যটক সেন্টমার্টিনে আটকা পড়েছিলেন।

জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, পর্যটকদের নেওয়ার জন্য জাহাজ গুলো সার্বক্ষনিক প্রস্তুত থাকলেও সংকেত থাকায় প্রশাসনের অনুমতি মেলেনি ফলে গত দুইদিন দ্বীপে এইসব পর্যটকরা আটকা পড়েছিলেন।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে শনিবার দুপুরের দিকে সংকেত নামিয়ে ফেলার নোটিশ জারী করা হয়েছে।

উল্লেখ্য চলতি বছরের ৫ নভেম্বর থেকে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়। এ মৌসুমে এ রুটে ৫টি জাহাজ চলাচলের অনুমতি পেয়েছে। মৌসুম শুরুর পর থেকেই ধীরে ধীরে বাড়তে শুরু করে পর্যটকের সংখ্যা।