চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পৃথক পাঁচটি স্থানে গভীর রাতে একযোগে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। রোববার মধ্যরাতের পর কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও উপজেলার বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হননি, কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। একসঙ্গে মহাসড়কের একাধিক স্থানে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার মধ্যরাতের পর মহাসড়কের কক্সবাজার মেডিকেল কলেজের ফটক, লিংকরোড, খরুলিয়া দরগাহ ফটক, রামু সরকারি কলেজের ফটক এবং ঈদগাঁওয়ের মাইজপাড়া স্কুল ফটক এলাকায় পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। বোমা নিক্ষেপের পরপরই দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পারেন।
স্থানীয় বাসিন্দাদের ধারণা, মঙ্গলবার দেশব্যাপী ছাত্র ধর্মঘটের ডাক দেওয়াকে কেন্দ্র করে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং মহাসড়কে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। তাঁদের আশঙ্কা, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচিকে ঘিরে কোনো পক্ষ পরিকল্পিতভাবে নাশকতার চেষ্টা চালাতে পারে।
জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান বলেন, “গভীর রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পৃথক কয়েকটি স্থানে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সূত্রে খবর পাওয়া গেছে। এসব ঘটনায় কেউ হতাহত হননি এবং কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। তবে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ তৎপর রয়েছে।”
তিনি আরও বলেন, “কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুর্বৃত্তদের ঘোষিত কর্মসূচিকে ঘিরে জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
এদিকে মহাসড়কের গুরুত্বপূর্ণ পাঁচটি স্থানে একই রাতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।


