খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি-বাঙালি সম্প্রদায়ের প্রায় এক হাজার অসহায় ও দরিদ্র মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। চিকিৎসাসেবার পাশাপাশি ছানিপড়া রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার, ওষুধ ও প্রয়োজনীয় চশমা সরবরাহের উদ্যোগ নিয়েছে সেনাবাহিনী।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে দীঘিনালা মিনি স্টেডিয়ামে খাগড়াছড়ি সেনা রিজিয়নের দীঘিনালা জোন ও চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে এ চক্ষু চিকিৎসা ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী প্রায় এক হাজার রোগী চিকিৎসাসেবা নিতে আসেন।

ক্যাম্পেইনে চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের চিকিৎসক ও সেনাবাহিনীর মেডিকেল অফিসাররা রোগীদের চোখ পরীক্ষা করেন। এ সময় প্রয়োজনীয় চিকিৎসা, ব্যবস্থাপত্র ও স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি যেসব রোগীর চশমা প্রয়োজন, তাঁদের বিনামূল্যে চশমা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

সাজেক, বাঘাইহাট, জোড়াব্রিজসহ উপজেলার বিভিন্ন দুর্গম এলাকা থেকে আসা রোগীরাও এ ক্যাম্পেইনে চিকিৎসাসেবা নেন। বিশেষ করে প্রত্যন্ত পাহাড়ি এলাকার দরিদ্র ও অসহায় মানুষের জন্য এ উদ্যোগ স্বস্তি নিয়ে আসে।

সেনাবাহিনী জানায়, ক্যাম্পেইনে ছানিপড়া রোগীদের শনাক্ত করে উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালে নেওয়া হবে। সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে তাঁদের যাতায়াত, অস্ত্রোপচার ও প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করা হবে।

দীঘিনালা জোনের ক্যাপ্টেন মো. আরিফ বলেন, পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনী বিভিন্ন সময় জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এবার বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, ক্যাম্পেইনে আসা যেসব রোগীর ছানি অস্ত্রোপচারের প্রয়োজন হবে, তাঁদের সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে চট্টগ্রামে নিয়ে উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে।

চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দা অমর জ্যোতি চাকমা সেনাবাহিনীর এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। দুর্গম পাহাড়ি এলাকায় সাধারণ মানুষের দোরগোড়ায় এমন চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার কার্যক্রম নিয়মিত অব্যাহত রাখার প্রত্যাশা জানান তাঁরা।