সুবিশাল নীল আকাশের নিচে সারি সারি সবুজ পাহাড়, পাহাড়ের বুক চিরে বয়ে চলা ঝিরি, গভীর অরণ্যের বুক থেকে নেমে আসা ছোট-বড় অসংখ্য ঝরনা আর পাহাড়ি উপত্যকার অপরূপ সৌন্দর্য—প্রকৃতি যেন আপন হাতে সাজিয়েছে পার্বত্য জেলা খাগড়াছড়িকে। বর্ষা এলেই পাহাড়ের গা বেয়ে নেমে আসে স্বচ্ছ জলধারা। কোথাও উঁচু পাহাড় থেকে আছড়ে পড়ে পানির প্রবল স্রোত, কোথাও আবার পাথুরে পথ বেয়ে বয়ে চলে ঝিরির নির্মল জল। প্রকৃতির এমন অপার সৌন্দর্য উপভোগ করতে প্রতিবছরই ছুটে আসেন দেশের বিভিন্ন প্রান্তের পর্যটকেরা।

তবে খাগড়াছড়ির পরিচিত পর্যটনকেন্দ্রগুলোর বাইরে ছড়িয়ে থাকা অসংখ্য বুনো ঝরনার সৌন্দর্য এখনো অনেকটাই অজানা। প্রবল ইচ্ছা থাকলেও দুর্গম পাহাড়ি পথ, ঝুঁকিপূর্ণ যাতায়াতব্যবস্থা এবং প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে এসব ঝরনায় পৌঁছাতে পারেন না অধিকাংশ পর্যটক। ফলে পাহাড়ের বুকজুড়ে ছড়িয়ে থাকা প্রাকৃতিক সৌন্দর্যের বিশাল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না।

খাগড়াছড়ির বুনো ঝরনার সৌন্দর্য 

পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পরিকল্পিত উদ্যোগ নেওয়া গেলে এসব ঝরনাকে কেন্দ্র করে খাগড়াছড়িতে নতুন পর্যটন বলয় গড়ে তোলা সম্ভব। এতে শুধু পর্যটকের সংখ্যা বাড়বে না, স্থানীয় জনগোষ্ঠীর জন্য তৈরি হবে কর্মসংস্থানের নতুন সুযোগ। পর্যটন গাইড, পরিবহন, খাবারের দোকান, স্থানীয় পণ্য বিক্রি, কটেজ ও অন্যান্য সেবাভিত্তিক উদ্যোগের মাধ্যমে পাহাড়ের অর্থনীতিতেও যুক্ত হতে পারে নতুন মাত্রা। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে প্রয়োজন পরিবেশের ভারসাম্য বজায় রেখে যোগাযোগ ও পর্যটন অবকাঠামোর উন্নয়ন।

খাগড়াছড়িতে সিজক, তৈদুছড়াসহ শিলাছড়ি, তুয়ারি মাইরাং, হরিণমারা, তোজেংমা, বর্ণাল ও রিছাংয়ের মতো একাধিক ঝরনা রয়েছে। এসব ঝরনার কোনোটি পাহাড়ের উঁচু থেকে প্রবল জলধারা নিয়ে নেমে এসেছে, কোনোটি আবার পাথুরে পাহাড় ও ঘন সবুজ বনের ভেতর দিয়ে বয়ে চলেছে। একেকটি ঝরনার উচ্চতা প্রায় ৮০ থেকে ১৫০ ফুট বলে স্থানীয়ভাবে জানা যায়। বিশেষ করে বর্ষা মৌসুমে ঝরনাগুলো পানিতে পরিপূর্ণ হয়ে ওঠে। তখন পাহাড়ের সবুজের সঙ্গে পানির শুভ্র ধারা মিলে তৈরি করে মনোমুগ্ধকর দৃশ্য।

ঝরনার উচ্চতা হয়ে থাকে প্রায় ৮০ থেকে ১৫০ ফুট

কিন্তু এসব ঝরনার অধিকাংশেই পর্যটকদের যাতায়াত সহজ নয়। কোথাও দীর্ঘ পথ হেঁটে যেতে হয়, কোথাও পাড়ি দিতে হয় পাহাড়ি ছড়া ও দুর্গম উঁচু-নিচু পথ। আবার কিছু ঝরনার আশপাশে পর্যটকদের বিশ্রাম, নিরাপদ চলাচল কিংবা জরুরি প্রয়োজনে সহায়তা পাওয়ার মতো পর্যাপ্ত ব্যবস্থাও নেই। ফলে শিশু, বয়স্ক ব্যক্তি ও শারীরিকভাবে কম সক্ষম পর্যটকদের পক্ষে এসব স্থানে যাওয়া কঠিন হয়ে পড়ে।

পর্যটকদের মতে, ঝরনাগুলোর প্রাকৃতিক সৌন্দর্য আকর্ষণীয় হলেও সেখানে পৌঁছানোর পথ অনেক সময় ভ্রমণের আনন্দকে ঝুঁকিপূর্ণ করে তোলে। যাতায়াতব্যবস্থা উন্নত করা গেলে এসব ঝরনা দেখতে আরও বেশি পর্যটক আগ্রহী হবেন।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঝরনা দেখতে আসা পর্যটক মুনতাসীর, মহারাজ ও জুলফিকার বলেন, খাগড়াছড়িতে এসে তাঁরা বেশ কয়েকটি ছোট-বড় ঝরনা দেখেছেন। প্রতিটি ঝরনার সৌন্দর্যই তাঁদের মুগ্ধ করেছে। তবে ঝরনাগুলোতে যাওয়ার পথ অনেক জায়গায় ঝুঁকিপূর্ণ। তাঁদের মতে, ঝরনার কাছে পৌঁছাতে পারলে যে কেউ এর সৌন্দর্যে মুগ্ধ হবেন। যাতায়াতের জন্য নিরাপদ ও সহজ পথ তৈরি করা গেলে আরও বেশি মানুষ এসব ঝরনা দেখতে আসতে পারবেন।

তাঁরা আরও মনে করেন, শুধু সড়ক নির্মাণ নয়, পর্যটকদের চলাচলের জন্য প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা, দিকনির্দেশনামূলক সাইনবোর্ড, বিশ্রামের জায়গা এবং পরিচ্ছন্নতার ব্যবস্থাও থাকা দরকার।

পর্যটনের নতুন সম্ভাবনা, বদলাতে পারে স্থানীয় অর্থনীতি

খাগড়াছড়ির পর্যটন অর্থনীতি দীর্ঘদিন ধরে মূলত পরিচিত কয়েকটি পর্যটনকেন্দ্রকে ঘিরে বিকশিত হয়েছে। আলুটিলা, রিছাং ঝরনা, জেলা সদরের বিভিন্ন দর্শনীয় স্থান এবং সাজেকমুখী পর্যটনপথে পর্যটকদের আনাগোনা থাকলেও দুর্গম পাহাড়ের অনেক আকর্ষণ এখনো পর্যটন মানচিত্রে যথাযথভাবে জায়গা করে নিতে পারেনি। অথচ এসব ঝরনাকে ঘিরে নতুন পর্যটনকেন্দ্র গড়ে উঠলে জেলার পর্যটন কার্যক্রমে বৈচিত্র্য আসবে।

পর্যটনকেন্দ্র সম্প্রসারিত হলে স্থানীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডও বাড়বে। ঝরনা দেখতে আসা পর্যটকদের জন্য স্থানীয় তরুণেরা প্রশিক্ষণ নিয়ে ট্যুরিস্ট গাইড হিসেবে কাজ করতে পারবেন। স্থানীয় কৃষিপণ্য, পাহাড়ি ফল, বাঁশ-বেতের তৈরি সামগ্রী ও হস্তশিল্প বিক্রির সুযোগ তৈরি হবে। পাশাপাশি মোটরসাইকেল ও অন্যান্য পরিবহনসেবা, খাবারের দোকান, ক্ষুদ্র আবাসন এবং পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন উদ্যোগের মাধ্যমে স্থানীয় মানুষের আয়ের পথ প্রসারিত হতে পারে।

বিশেষ করে পাহাড়ি জনপদের তরুণ-তরুণীদের জন্য এটি হতে পারে বিকল্প কর্মসংস্থানের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। কৃষিনির্ভর পরিবারের সদস্যরাও পর্যটনসংশ্লিষ্ট সেবায় যুক্ত হয়ে বাড়তি আয় করতে পারবেন। ফলে পর্যটনের অর্থনৈতিক সুফল শুধু শহরকেন্দ্রিক ব্যবসায়ীদের মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রত্যন্ত পাহাড়ি জনপদেও ছড়িয়ে পড়ার সুযোগ তৈরি হবে।

একুশে পদকপ্রাপ্ত খাগড়াছড়ির পরিবেশকর্মী মথুরা বিকাশ ত্রিপুরা বলেন, খাগড়াছড়িতে পর্যটকদের সমাগম বাড়ছে। ঝরনাকেন্দ্রিক পর্যটন গড়ে তোলা গেলে জেলার পর্যটন অর্থনীতি আরও বিকশিত হবে। এতে স্থানীয় জনগোষ্ঠীর কর্মসংস্থানের পাশাপাশি ট্যুরিস্ট গাইড তৈরির সুযোগ সৃষ্টি হবে। তবে পর্যটন সম্প্রসারণের পাশাপাশি প্রশাসনিক নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করতে হবে।

যোগাযোগের উন্নয়ন হোক প্রকৃতি রক্ষার শর্তে

ঝরনাকেন্দ্রিক পর্যটন সম্প্রসারণে সবচেয়ে বড় বাধা দুর্গম যোগাযোগব্যবস্থা। স্থানীয়দের দাবি, পর্যটকদের যাতায়াত সহজ করতে প্রয়োজন অনুযায়ী সংযোগ সড়ক, হাঁটার পথ ও নিরাপদ চলাচলের ব্যবস্থা গড়ে তুলতে হবে। পাশাপাশি ঝরনার আশপাশে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করতে হবে।

তবে পরিবেশসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, পাহাড়ি ঝরনাকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অপরিকল্পিত উন্নয়ন বিপর্যয় ডেকে আনতে পারে। পাহাড় কেটে সড়ক নির্মাণ, নির্বিচারে গাছপালা কাটা, ঝরনার পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করা কিংবা পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিক ও বর্জ্য এসব প্রাকৃতিক সম্পদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠতে পারে।

তাই প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে পাহাড়ের ভূপ্রকৃতি, বন ও জীববৈচিত্র্য এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার বিষয়টি গুরুত্ব দিতে হবে। যেখানে বড় সড়ক নির্মাণ পরিবেশের জন্য ক্ষতিকর, সেখানে বিকল্প হিসেবে পরিবেশবান্ধব হাঁটার পথ, নির্দিষ্ট পর্যটন ট্রেইল, সেতু ও নিরাপদ চলাচলের ব্যবস্থা করা যেতে পারে। একই সঙ্গে পর্যটকদের জন্য বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণের নিয়ম চালু করা জরুরি।

নিরাপত্তা নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ

দুর্গম পাহাড়ি ঝরনায় পর্যটকদের যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ। অনেক ঝরনার পথ পিচ্ছিল, পাথুরে ও খাড়া। বর্ষা মৌসুমে পানির প্রবাহ বেড়ে গেলে ঝরনার আশপাশে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। কোথাও কোথাও মোবাইল নেটওয়ার্ক না থাকায় বিপদে পড়লে দ্রুত যোগাযোগ করাও কঠিন হয়ে পড়ে।

এ অবস্থায় পর্যটনকেন্দ্রগুলোতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পর্যটন পুলিশের সমন্বিত নিরাপত্তাব্যবস্থা প্রয়োজন। পাশাপাশি প্রশিক্ষিত স্থানীয় গাইড নিয়োগ, জরুরি যোগাযোগ নম্বর, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা এবং ঝুঁকিপূর্ণ স্থানে সতর্কতামূলক নির্দেশনা থাকা দরকার। বর্ষা মৌসুমে পানির প্রবাহ ও আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় ঝুঁকিপূর্ণ ঝরনাগুলোতে পর্যটকদের প্রবেশ নিয়ন্ত্রণের ব্যবস্থাও রাখতে হবে।

খাগড়াছড়ি ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশাত রায় বলেন, পার্বত্য অঞ্চলে সারা বছরই পর্যটকদের আনাগোনা থাকে। তবে বিভিন্ন উৎসব, দিবস ও ছুটির দিনে পর্যটকের সংখ্যা বহুগুণ বেড়ে যায়। পর্যটকদের নিরাপত্তা ও জানমালের সুরক্ষায় ট্যুরিস্ট পুলিশ সচেষ্ট রয়েছে। সার্বক্ষণিক টহল কার্যক্রম চলমান থাকে। এ ছাড়া প্রয়োজনের সময় জরুরি সেবাও চালু রয়েছে।

উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রশাসনের

খাগড়াছড়ির ঝরনাকেন্দ্রিক পর্যটনের সম্ভাবনা কাজে লাগাতে যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্ব দিয়েছেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। তিনি বলেন, পর্যটননির্ভর অর্থনীতির বিকাশে জেলার ঝরনাকেন্দ্রিক পর্যটন স্পটগুলোতে যাতায়াতের জন্য রাস্তা ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা গেলে পর্যটন অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। ঝরনাগুলোতে পর্যটকদের যাতায়াত সহজ করতে দ্রুত অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের এ উদ্যোগ বাস্তবায়িত হলে দুর্গম পাহাড়ের অনেক অজানা ঝরনা পর্যটকদের কাছে নতুন করে পরিচিত হয়ে উঠবে। এতে পর্যটনকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি প্রত্যন্ত এলাকার মানুষের জীবনযাত্রায়ও ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

পরিকল্পিত উদ্যোগেই মিলবে অর্থনৈতিক সুফল

খাগড়াছড়ির পাহাড়ি ঝরনাগুলো শুধু প্রাকৃতিক সৌন্দর্যের আধার নয়, এগুলো জেলার পর্যটন অর্থনীতির সম্ভাবনাময় সম্পদও। তবে এই সম্পদকে অর্থনৈতিক শক্তিতে রূপান্তর করতে হলে বিচ্ছিন্নভাবে সড়ক নির্মাণ কিংবা পর্যটনকেন্দ্র ঘোষণা করলেই চলবে না। প্রয়োজন ঝরনাভিত্তিক পর্যটন পরিকল্পনা, পরিবেশগত সমীক্ষা, নিরাপদ যোগাযোগ, দক্ষ স্থানীয় গাইড তৈরি এবং পর্যটনসেবার মানোন্নয়ন।

একই সঙ্গে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীকে পরিকল্পনা ও ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত করতে হবে, যাতে পর্যটনের আয় ও সুফল তাঁদের কাছেও পৌঁছায়। ঝরনার প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ন রেখে সীমিত ও পরিকল্পিত পর্যটন কার্যক্রম পরিচালনা করা গেলে দীর্ঘমেয়াদে এ খাত টেকসই হবে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, খাগড়াছড়ির ঝরনাগুলোকে ঘিরে পরিবেশবান্ধব পর্যটন বলয় গড়ে তোলা গেলে জেলার অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে। দুর্গম পাহাড়ের আড়ালে থাকা ঝরনাগুলো তখন শুধু প্রকৃতিপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রই হবে না, হয়ে উঠতে পারে স্থানীয় মানুষের কর্মসংস্থান ও আয়ের নতুন উৎস। সঠিক পরিকল্পনা, নিরাপত্তা এবং পরিবেশ সংরক্ষণের সমন্বয় ঘটাতে পারলে পাহাড়ের এই জলধারাই একদিন বদলে দিতে পারে খাগড়াছড়ির পর্যটন অর্থনীতির চিত্র।