রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ও ভারতের মিজোরাম সীমান্তের প্রায় ১৫১ কিলোমিটার এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে নজরদারি বাড়াতে নতুন করে ড্রোন পর্যবেক্ষণ যুক্ত করার পাশাপাশি দিবারাত্রি (২৪ ঘণ্টা) টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাঘাইছড়ি উপজেলার ২৭ বিজিবি মারিশা জোনের দায়িত্বপূর্ণ প্রায় ৫৫ কিলোমিটার সীমান্ত এলাকা—উদয়পুর, নতুন পাড়া, কিঙ্করপাড়া, ভুইয়াছড়া, তারাবুনিয়া ও কমলাপাড়া সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে। পাশাপাশি ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের আওতাধীন সাজেকের প্রায় ৯৬ কিলোমিটার সীমান্তের করোল্লাছড়া, ব্যাটলিং, শিয়ালদাহ, তুইছুই, কানতালাং, নিউ থাংনাগ ও উদলছড়ি এলাকায় ড্রোনের মাধ্যমে নিয়মিত পর্যবেক্ষণ ও টহল জোরদার করা হয়েছে।

২৭ বিজিবি মারিশা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ জানান, অতীতের অভিজ্ঞতার আলোকে মারিশা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ প্রায় ৫৫ কিলোমিটার সীমান্ত এলাকায় ২৪ ঘণ্টা টহল চলছে। উদয়পুর, কমলাপাড়া ও তারাবুনিয়ার মতো এলাকাগুলোতে অতীতে চোরাচালান বা অবৈধ অনুপ্রবেশের চেষ্টার অভিজ্ঞতা রয়েছে। আগে যেখানে কেবল পায়ে হেঁটে টহল দেওয়া হতো, এখন উদয়পুর এলাকায় নতুন করে পেট্রোল ভেহিকেল মোতায়েন ও জনবল বাড়িয়ে নিরবচ্ছিন্ন টহল ও নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

তিনি আরও জানান, ড্রোন অবজারভেশনের মাধ্যমে সার্ভেইলেন্স চালানোর পাশাপাশি সীমান্তবর্তী পাহাড়ি জনগোষ্ঠীকে সচেতন করা হচ্ছে এবং নতুন সোর্স তৈরি করে নিয়মিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এর মাধ্যমে সীমান্তে কোনো অপ্রীতিকর ঘটনা, নাশকতামূলক কার্যক্রম বা অবৈধ অনুপ্রবেশ ঠেকানো সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অন্যদিকে, সাজেক ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকী জানান, সাজেকের ৯৬ কিলোমিটার সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।