খাগড়াছড়ির দীঘিনালায় মাইনী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে ২০০ মিটার দীর্ঘ সেতু। প্রায় ৬০ কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণের প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেয়েছে। দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাওয়ায় আশাবাদী স্থানীয় বাসিন্দারা। সেতুটি নির্মিত হলে বর্ষা মৌসুমে নদী পারাপারের দুর্ভোগ কমার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।

সম্প্রতি অনুষ্ঠিত একনেক সভায় দেশের উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ সড়কে দীর্ঘ সেতু নির্মাণে ৮ হাজার ৮৮৮ কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় খাগড়াছড়ির মাইনী নদীর ওপর সেতুটি নির্মাণ করা হবে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, জেলার বাবুছড়া (আরএইচডি)-নুনছড়ি সড়কের ৪৩০ মিটার চেইনেজে মাইনী নদীর ওপর ২০০ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণের পরিকল্পনা রয়েছে।

খাগড়াছড়ি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার রহমান বলেন, স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া ডিও লেটারের মাধ্যমে প্রকল্পের আওতায় মাইনী নদীর ওপর সেতু নির্মাণের প্রস্তাব করেন। এ বিষয়ে তিনি এলজিইডির প্রধান প্রকৌশলীর কাছেও চিঠি দেন। নদীর ওপর স্থায়ী সেতু না থাকায় বর্ষা মৌসুমে স্থানীয় বাসিন্দাদের যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়। এতে শিক্ষার্থী, রোগী, কৃষক ও ব্যবসায়ীদের দুর্ভোগ পোহাতে হয়। সেতুটি নির্মিত হলে এসব এলাকার মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি জরুরি সেবাও নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, সেতুর নকশা প্রণয়নের কাজ শেষ হলে আগামী তিন থেকে চার মাসের মধ্যে নির্মাণকাজ শুরু হতে পারে। সেতুটি নির্মাণে আনুমানিক ৬০ কোটি টাকা ব্যয় হতে পারে।

খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেন, পাহাড়ের প্রত্যন্ত এলাকার উন্নয়নে সরকার অগ্রাধিকার দিচ্ছে। নুনছড়ি এলাকায় মাইনী নদীর ওপর একটি সেতু নির্মাণ স্থানীয়দের দীর্ঘ কয়েক দশকের দাবি। অবশেষে প্রকল্পটি একনেকে অনুমোদন পেয়েছে। সেতুটির নির্মাণকাজ শেষ হলে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে।

দীর্ঘদিন ধরে স্থায়ী সেতুর অভাবে বর্ষায় বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কায় থাকা নুনছড়ি এলাকার মানুষের কাছে প্রকল্পটির অনুমোদন তাই নতুন আশার সঞ্চার করেছে। এখন দ্রুত নকশা প্রণয়ন ও নির্মাণকাজ শুরুর অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।