পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা ৩০০ থেকে ৩৫০ বছর আগে বিভিন্ন জায়গা হতে এখানে এসেছে, তাই তারা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীই বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম।
শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকার সিরডাপ মিলনায়তনে পার্বত্য চট্টগ্রামের কৌশলগত স্থিতিশীলতা বিষয়ে এক প্যানেল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
ওসমানী সেন্টার ফর পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (অকপাস) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ যৌথভাবে এ আলোচনার আয়োজন করে।
তাজুল ইসলাম বলেন, ১৯৯৮ সালে পার্বত্য চট্টগ্রামে আলাদা রাষ্ট্রীয় কাঠামো গঠিত হয়। হাইকোর্ট কর্তৃক ১৯৮৯ সালের আঞ্চলিক পরিষদ আইন ও ১৯০০ সালের হিল ট্র্যাক্টস রেগুলেশনকে অবৈধ ঘোষণা করা হয়। পার্বত্য চট্টগ্রামে ভূমির জরিপ/খতিয়ান কিছুই নেই। ভূমি জরিপ করে ভূমির মালিকানা নির্ধারণ করা উচিত।
তিনি আরও বলেন, সাবেক বিচারপতি এসকে সিনহা রাঙামাটি ফুড প্রোডাক্টস এবং ওয়াগ্গাছড়া টি স্টেট মামলায় ভুল রায় দিয়ে গিয়েছিলেন, যেটির রিভিউ এখনো চলমান রয়েছে।
শেষে তিনি বলেন, পাহাড়ে সেনাবাহিনীর উপস্থিতি ছাড়া নিরাপত্তা সম্ভব নয়।
অকপাসের চেয়ারম্যান লে. জেনারেল (অব.) ড. মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যাটি রাজনৈতিক সমস্যা। এটি ফ্রজেন কনফ্লিক্ট এর দিকে যাচ্ছে। সেনাবাহিনীর পক্ষে রাজনৈতিক সমস্যা সমাধান সম্ভব নয়। পার্বত্য চট্টগ্রামের স্থানীয় উপজাতি জনগণ সেনাবাহিনীকে প্রতিপক্ষ মনে করছে।
সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের সাবেক জিওসি মেজর জেনারেল (অব.) জাহাঙ্গীর কবির তালুকদার বলেন, পার্বত্য চট্টগ্রামে নেতৃত্বের সংকট রয়েছে। আঞ্চলিক সংগঠনগুলির আন্ত:কোন্দল রয়েছে। বাঙালিদের মধ্যেও নেতৃত্বের সংকট রয়েছে। আঞ্চলিক ও জেলা পরিষদগুলিতে নির্বাচন হওয়া দরকার। শান্তিচুক্তির অনেক ধারা সংবিধানের সাথে সাংঘর্ষিক হওয়ায় সবগুলো ধারা বাস্তবায়ন হওয়া সম্ভব নয়। ভূমি সমস্যাটি একটি জটিল সমস্যা। ভূমি কমিশনকে এই সমস্যা সমাধান করতে হবে। পার্বত্য এলাকায় ভূমির Cadastral Survey (ওপর ভূমির দাগভিত্তিক বিস্তারিত জরিপ) করা প্রয়োজন। শান্তিচুক্তির পুনর্মূল্যায়ন করা প্রয়োজন। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকলকে সমান অধিকার দিতে হবে। সকল সন্ত্রাসী গোষ্ঠীকে নির্মূল করতে হবে।
নিরাপত্তা বিশ্লেষক লে. কর্নেল (অব.) উকানথিন বলেন, ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রামের শান্তির জন্য শান্তি চুক্তি করা হয়েছিলো, কিন্তু প্রায় ৩০ বছরেও কোনো পরিবর্তন ঘটে নি। এই চুক্তির পরেও অনেক হত্যা, গুম, অপহরণ হয়েছে। আমি চাকরিরত অবস্থায় পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করেছি। এইখানে সীমান্ত নিরাপত্তা ও রাজনৈতিক ইস্যু জড়িত রয়েছে। আন্তর্জাতিক মানদণ্ডে আমরা আদিবাসী। পাহাড়ে জন্মগ্রহণ করা বাঙালিদের সেটেলার বলাও ঠিক না।
নিরাপত্তা বিশ্লেষক লে. কর্নেল (অব.) মনীষ দেওয়ান বলেন, ১৯৯৭ সালের চুক্তির পরে জেএসএস থেকে কিছু সদস্য দলচ্যুত হয়ে ইউপিডিএফ নামে আলাদা সশস্ত্র সংগঠন করেছে। এই ৩০ বছর ধরে দলীয় আন্ত:কোন্দলের কারণে নিজেদের মধ্যে সংঘাত চলছে। পরবর্তীতে, জেএসএস ও ইউপিডিএফ আবার আলাদা হয়ে দুইভাগে ভাগ হয়ে যায়। ২০১৭ সালে নাথান বম আবার কেএনএফ সৃষ্টি করে। এই সশস্ত্র সংগঠনগুলিকে নির্মূল করতে না পারলে পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। সাজেকে ইউপিডিএফ তাদের আধিপত্য ধরে রাখার জন্য জেএসএস কে সেখান থেকে বিতাড়িত করার জন্য অনেক তালবাহানা করছে, তাদের কারণে সাধারণ মানুষ কষ্ট করছে। বছরে জেএসএস ২৮০ কোটি, ইউপিডিএফ ২৫০ কোটি এবং কেএনএফ ৫০ কোটি টাকার চাঁদাবাজি করছে। এই অবৈধ টাকা দিয়ে তারা অস্ত্র কিনে পরিস্থিতি ঘোলাটে করছে। তাদের কাছে বর্তমানে সবাই জিম্মি। এই বিষয়গুলি সমাধান করতে হবে।
বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, পার্বত্য চট্টগ্রামের শান্তি প্রক্রিয়াটি নতুন করে উজ্জীবিত করা উচিত। পাহাড়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা হলে আমরা ব্যথিত হই। সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে সবাইকে বাঙালি বলা হয়েছে, কিন্তু আমাদের নিজস্ব পরিচয় রয়েছে।
আলোচনায় উপস্থিত ছিলেন অকপাসের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল (অব.) ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ড. মো. নাঈম আশফাক চৌধুরী, ২৪ পদাতিক ডিভিশনের সাবেক জিওসি মেজর জেনারেল (অব.) জাহাঙ্গীর কবির তালুকদার, নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. আব্দুল্লাহ আল ইউসুফ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুব, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মনীষ দেওয়ান ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) উকানথিন। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মো. ওবায়দুল হক ও অধ্যাপক ড. রাশেদ উজ জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম এবং পার্বত্য নিউজের সম্পাদক সাংবাদিক মেহেদী হাসান পলাশসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৭০ থেকে ৮০ জন ব্যক্তি।


