খাগড়াছড়ি পৌরসভার বর্জ্যে দূষিত হচ্ছে পাহাড়ি ছড়া (পাহাড় থেকে বৃষ্টির পানি নেমে সৃষ্ট ছোট জলপ্রবাহ)। সেই ছড়ার পানিই ব্যবহার করতে হচ্ছে আশপাশের গ্রামের বাসিন্দাদের। দুর্গন্ধ, ময়লা-আবর্জনা আর দূষিত পানির কারণে চরম দুর্ভোগে পড়েছেন খাগড়াছড়ি শহরের অদূরে বাঙ্গালকাটি গ্রামের শতাধিক পরিবার। পানির বিকল্প উৎস না থাকায় বাধ্য হয়ে দূষিত ছড়ার পানিতেই গোসল, কাপড়চোপড় ধোয়াসহ নিত্যপ্রয়োজনীয় কাজ সারছেন তারা। এতে পানিবাহিত রোগসহ নানা ধরনের চর্মরোগের ঝুঁকিতে রয়েছেন গ্রামবাসী। বছরের পর বছর ধরে এ অবস্থা চললেও বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে।

স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়াছড়ি শহরের চট্টগ্রাম সড়কের পাশে পাহাড়ের একটি খাদে দীর্ঘ প্রায় ২০ বছর ধরে পৌরসভার বর্জ্য ফেলা হচ্ছে। শহরের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা এসব বর্জ্য পাহাড়ের ঢাল বেয়ে নিচে নেমে যাচ্ছে। বৃষ্টির পানিতে বর্জ্য আরও ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়। একপর্যায়ে এসব আবর্জনা গিয়ে জমা হচ্ছে বাঙ্গালকাটি ছড়ায়। এতে ছড়ার পানি দূষিত হওয়ার পাশাপাশি পরিবেশের স্বাভাবিক ভারসাম্যও নষ্ট হচ্ছে।

ছড়ার দুই পাশে বসবাসকারী পরিবারগুলোর দুর্ভোগ সবচেয়ে বেশি। একসময় যে ছড়ার পানি দৈনন্দিন কাজে ব্যবহার করতেন তারা, এখন সেই পানিতেই মিশছে শহরের নানা ধরনের বর্জ্য। ছড়াজুড়ে প্লাস্টিক, পলিথিন, পচা খাবার ও অন্যান্য আবর্জনা জমে থাকায় পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। কোথাও কোথাও বর্জ্য জমে পানি চলাচলেও প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, তাঁদের এলাকায় নিরাপদ পানির পর্যাপ্ত বিকল্প ব্যবস্থা নেই। ফলে ঝুঁকি জেনেও অনেককে ছড়ার পানি ব্যবহার করতে হচ্ছে। বিশেষ করে নারী ও শিশুদের দৈনন্দিন কাজে এই পানির ওপর নির্ভর করতে হয়। দূষিত পানি ব্যবহারের পর অনেকেই চুলকানি, অ্যালার্জিসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন বলে অভিযোগ তাঁদের। এ ছাড়া পানি দূষণের কারণে ডায়রিয়া, কলেরাসহ পানিবাহিত রোগের আশঙ্কাও রয়েছে।

গ্রামবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে পৌরসভার বর্জ্য অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে আসছেন তারা। কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে প্রতিনিয়ত বাড়ছে বর্জ্যের পরিমাণ, সেই সঙ্গে বাড়ছে পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকি। তাঁদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।

এদিকে খাগড়াছড়ি পৌরসভার সবুজবাগ এলাকায় একটি ডাম্পিং স্টেশন থাকলেও সেটি জনবসতিপূর্ণ এলাকায় হওয়ায় সেখানে বর্জ্য ফেলা সম্ভব হচ্ছে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ফলে শহরের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তৈরি হয়েছে সংকট। তবে এ সংকটের কারণে একটি গ্রামের শতাধিক পরিবারকে বছরের পর বছর ভোগান্তি পোহাতে হচ্ছে, যা স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।

এ বিষয়ে ভলান্টিয়ার ফর বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা জাহেদ হোসেন বলেন, পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা চলছে। বর্জ্য ফেলার জন্য বিকল্প জায়গা নির্ধারণ করা জরুরি। এতে স্থানীয় মানুষের দুর্ভোগ কমার পাশাপাশি পরিবেশদূষণও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

খাগড়াছড়ি পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সাদিয়া আফরিন কচি বলেন, বর্জ্য ফেলার জন্য নতুন জায়গা খোঁজা হচ্ছে। উপযুক্ত স্থান পাওয়া গেলে সেখানে বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা করা হবে।

তবে শুধু নতুন জায়গা নির্ধারণ করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না বলে মনে করছেন পরিবেশসকর্মী মথুরা বিকাশ ত্রিপুরা। তিনি বলেন, বর্জ্য সংগ্রহ, পরিবহন, সংরক্ষণ ও চূড়ান্ত নিষ্পত্তির জন্য পরিকল্পিত ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে দূষিত হয়ে পড়া বাঙ্গালকাটি ছড়া পরিষ্কার এবং নিরাপদ পানির বিকল্প উৎস নিশ্চিত করাও জরুরি।

স্থানীয়দের দাবি, জনস্বাস্থ্য ও পরিবেশের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত বর্জ্য ফেলার উপযুক্ত স্থান নির্ধারণ করতে হবে। পাশাপাশি বাঙ্গালকাটি ছড়ায় ফেলা বর্জ্য অপসারণ এবং ভবিষ্যতে যাতে কোনোভাবেই সেখানে পৌরসভার আবর্জনা না পৌঁছায়, সে ব্যবস্থা নিতে হবে। অন্যথায় শহরের বর্জ্যের বোঝা বইতে গিয়ে আরও দীর্ঘদিন দুর্ভোগ পোহাতে হবে গ্রামের সাধারণ মানুষকে।