‘রুপালি মৎস্য, স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকালে রাঙামাটি মৎস্য অধিদপ্তরের আয়োজনে এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় শোভাযাত্রা ও বেলুন উড়িয়ে সপ্তাহের উদ্বোধন করেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

এ উপলক্ষে সকালে শহরের হ্যাপির মোড় এলাকা থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে বেলুন উড়িয়ে মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে জেলা পরিষদের অ্যানেক্স ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

সভায় জেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন, সাবেক পার্বত্য উপমন্ত্রী মনিস্বপন দেওয়ানসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, কাপ্তাই হ্রদ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মৎস্যসম্পদের উৎস। প্রতিবছর এ হ্রদ থেকে বিপুল পরিমাণ মাছ উৎপাদিত হয়। এতে স্থানীয় মানুষের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি হ্রদকে ঘিরে বহু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

মৎস্যসম্পদ রক্ষা ও উৎপাদন বাড়াতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। একই সঙ্গে মৎস্য আইন মেনে চলা, জাটকা ও মা মাছ নিধন বন্ধ এবং ক্ষতিকর চায়না দুয়ারি জালের ব্যবহার বন্ধের ওপর গুরুত্বারোপ করেন তারা।