খাগড়াছড়ি ও রাঙামাটির সীমান্তবর্তী সাজেক সড়কের দুর্গম শুকনোছড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে অরুণা চাকমা (৩০) নামে এক গৃহবধূ গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (৮ নভেম্বর) রাত ৯টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, রাত ৯টার দিকে অজ্ঞাতপরিচয় কয়েকজন দুর্বৃত্ত শুকনোছড়া এলাকায় অরুণা চাকমার বাড়িতে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা দীঘিনালা সেনা জোনে নিয়ে যান।
সেখানে সেনাবাহিনীর মেডিক্যাল অফিসারদের একটি দল তাকে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে ওই গৃহবধূ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তিনি আশঙ্কামুক্ত।


