পাহাড়ের সবুজের বুক চিরে বিস্তৃত জলরাশি। তার বুকে ফুটে আছে হাজারো লাল শাপলা। দূর থেকে দেখলে মনে হয়, সবুজের ওপর বিছিয়ে দেওয়া হয়েছে লাল-সবুজের নকশিকাঁথা। প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার হাজাছড়া বিল এখন প্রকৃতিপ্রেমীদের কাছে আকর্ষণের নতুন ঠিকানা। শাপলার এই রাজ্য ঘিরে তৈরি হয়েছে সম্ভাবনাময় পর্যটনকেন্দ্র গড়ে ওঠার স্বপ্ন।

দীঘিনালা উপজেলা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে মেরুং বাজার। সেখান থেকে পূর্বদিকে মাইনী নদী পেরিয়ে আধা কিলোমিটার এগোলেই হাজাছড়া বিল। স্থানীয়দের কাছে ‘ছোট হাজাছড়া ডেবা’ নামে পরিচিত বিলটির প্রায় ২০ একর জলমগ্ন এলাকার পাঁচ থেকে সাত একরজুড়ে রয়েছে লাল শাপলার বিস্তৃতি। বছরের বেশিরভাগ সময় পানিতে নিমজ্জিত থাকে বিলটি।

স্থানীয়দের তথ্যমতে, প্রতি বছর সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এ বিলে শাপলা ফোটে। প্রায় ২০ বছর ধরে এখানে শাপলা ফুটলেও গত দুই বছরে দর্শনার্থীদের কাছে বিলটির পরিচিতি বেড়েছে। চলতি বছর দর্শনার্থীদের আগমন আগের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রতিদিনই জেলার বিভিন্ন স্থান থেকে মানুষ ছুটে আসছেন এই সৌন্দর্য উপভোগ করতে।
ভোরের আলোয় শিশিরভেজা শাপলার পাপড়িতে সূর্যের আলো পড়লে সৃষ্টি হয় মনোমুগ্ধকর দৃশ্য। শুধু শাপলাই নয়, বিলে দেখা মেলে নানা প্রজাতির পাখি, প্রজাপতি ও জলজ প্রাণীর। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ নৌকায় ঘুরে উপভোগ করছেন প্রকৃতির সান্নিধ্য।

স্থানীয় প্রকৃতিপ্রেমী ও সংবাদকর্মী জাকির হোসেন বলেন, ‘হাজাছড়া বিলটি যেন শিল্পীর রংতুলিতে আঁকা ক্যানভাস। ভোরের নরম আলোয় শাপলার পাপড়িতে জমে থাকা শিশিরবিন্দু মুক্তার মতো ঝলমল করে। এমন দৃশ্য সত্যিই মনকে প্রশান্ত করে।’
তরুণ ফটোগ্রাফার হাসান আল মামুন বলেন, ‘বিলে সাঁতার কাটতে থাকা রাজহাঁস, চারপাশের সবুজ প্রকৃতি, দুরন্ত বালকদের পানিতে লাফালাফি আর শাপলা তুলে মেঠোপথ ধরে বাড়ি ফেরার দৃশ্য বাংলার চিরচেনা গ্রামীণ সৌন্দর্যকে তুলে ধরে।’

শুধু সৌন্দর্য নয়, স্থানীয় মানুষের জীবিকার সঙ্গেও জড়িয়ে রয়েছে বিলটি। শাপলা সংগ্রহ করে অনেকে বাজারে বিক্রি করেন। কেউ মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। আবার শুকনো মৌসুমে পানি কমে গেলে বিলের কিনারায় ধান চাষ করেন স্থানীয় কৃষকেরা।
বাসিন্দা সালাউদ্দিন বলেন, ‘এই বিল আমাদের কাছে শুধু সৌন্দর্যের জায়গা নয়, জীবিকারও উৎস। এখানকার শাপলা বাজারে বিক্রি হয়। অনেকে মাছ ধরেন। তাই বিলটি সংরক্ষণ করা জরুরি।’
কলেজ শিক্ষার্থী মানবিকা চাকমা জানান, দীঘিনালা, লংগদু ও খাগড়াছড়িতে যাতায়াতের ক্ষেত্রে হাজাছড়া হয়ে মেরুং সড়কটি অনেকের কাছে সহজ পথ। এ কারণে তরুণদের অনেকে মোটরসাইকেল নিয়ে যাতায়াতের পাশাপাশি শাপলা বিলের সৌন্দর্য উপভোগ করেন।
মাইসছড়ি থেকে প্রায় ৪০ জনের দল নিয়ে ঘুরতে আসা হালিম বলেন, ‘পাহাড়ে এমন শাপলা বিল সত্যিই অসাধারণ। জলাশয়ের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বিলটি সংরক্ষণ করা দরকার। শাপলার প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে হলে সকালে আসতে হবে।’
বিলটির মালিক জাহাঙ্গীর আলম দুলাল বলেন, স্থানীয়দের পাশাপাশি জেলা ও বাইরের অনেক মানুষ এখানে ঘুরতে আসেন। দর্শনার্থীদের জন্য নৌকার ব্যবস্থা রয়েছে। ভবিষ্যতে একটি ভাসমান রেস্টুরেন্ট, ওয়াচ টাওয়ার, ওয়াশরুম ও প্যাডেল বোট চালুর পরিকল্পনা রয়েছে।
দীঘিনালা হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ মো. আবুল খায়ের বলেন, লাল শাপলার বৈজ্ঞানিক নাম- Nymphaea rubra। এটি জলজ উদ্ভিদ। সাধারণত রাতে ফুল ফোটে এবং আলোর তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে পাপড়ি বন্ধ হতে থাকে। জলাশয়ের পরিবেশ, পানির গভীরতা ও পুষ্টি উপাদানের ওপর এর স্বাভাবিক বৃদ্ধি নির্ভর করে।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখপাত্র মোশাররফ হোসেন বলেন, হাজাছড়া বিল পর্যটনের নতুন সম্ভাবনা তৈরি করেছে। মেরুং-হাজাছড়া-মারিশ্যা সড়কের আড়াই কিলোমিটার কার্পেটিং করা হয়েছে। বাকি অংশের উন্নয়ন শেষ হলে দর্শনার্থীদের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে।
সিএইচটি বায়োডাইভারসিটি কনজারভেশন ইনিশিয়েটিভের প্রতিষ্ঠাতা নির্বাহী ও রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, এ ধরনের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করার পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে ভূমিকা রাখতে পারে। তবে পর্যটন বিকাশের ক্ষেত্রে বিলের প্রাকৃতিক পরিবেশ, জীববৈচিত্র্য ও শাপলার স্বাভাবিক বিস্তার রক্ষা করা জরুরি।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা বলেন, হাজাছড়া বিলের অংশীজনদের সঙ্গে আলোচনা করে প্রকৃতি ও পরিবেশবান্ধব পর্যটন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এতে কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ার পাশাপাশি সামাজিক-সাংস্কৃতিক ও পরিবেশগত ভারসাম্যও রক্ষা পাবে।
প্রাকৃতিক সৌন্দর্য, স্থানীয় জীবিকা ও পর্যটনের সম্ভাবনা—সব মিলিয়ে হাজাছড়া বিল এখন দীঘিনালার নতুন আকর্ষণ। সংশ্লিষ্টদের প্রত্যাশা, পরিকল্পিত উদ্যোগ ও পরিবেশ সংরক্ষণের মাধ্যমে একদিন এই লাল শাপলার রাজ্য হয়ে উঠবে পাহাড়ের অন্যতম পর্যটন গন্তব্য।


