পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ধর্মের নামে সন্ত্রাসবাদ কোনোভাবেই বাংলাদেশ সমর্থন করে না। তিনি বলেন, ২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে নৃশংস হামলার ১০ বছর পার হলেও এটি দেশের ইতিহাসের এক ভয়াবহ ও কালো অধ্যায় হিসেবে রয়ে গেছে এবং এমন ঘটনা যেন আর কখনো না ঘটে।
বুধবার (১ জুলাই) ঢাকাস্থ ইতালি দূতাবাসে হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার ১০ম বার্ষিকী উপলক্ষে নিহতদের স্মরণে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ জানান, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশ বরাবরই কঠোর অবস্থানে রয়েছে এবং এ হামলায় জড়িতদের বিচার ইতোমধ্যে নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি জঙ্গিবাদ দমনে চলমান কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ বিশ্বব্যাপী সন্ত্রাস দমনে ভূমিকা রাখছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি, ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, প্যালেস্টাইনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তা, নিহতদের স্বজন ও হামলা থেকে বেঁচে ফেরা জিম্মিরা উপস্থিত ছিলেন। তারা ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান এবং এক মিনিট নীরবতা পালন করেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলায় ২২ জন নিহত হন। তাদের মধ্যে ৯ জন ইতালির নাগরিক, ৭ জন জাপানের নাগরিক, ১ জন ভারতের নাগরিক এবং পুলিশসহ ৩ জন বাংলাদেশি ছিলেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিকও ছিলেন। এই হামলা আন্তর্জাতিক সম্প্রদায়কে গভীরভাবে শোকাহত করে।


