পার্বত্য চট্টগ্রামের তিন জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে বিশেষ অভিযান ‘অপারেশন উত্তরণ’ চলমান রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, গত পাঁচ বছরে এসব জেলায় ২৯৭টি অপহরণ ও ৪৭১টি জোরপূর্বক চাঁদাবাজির ঘটনা ঘটেছে। একই সময়ে বিভিন্ন সহিংস ঘটনায় নিরাপত্তা বাহিনীর আট সদস্যসহ মোট ৩১৬ জন নিহত এবং ৪৯০ জন আহত হয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সংসদে দেওয়া তথ্যানুযায়ী, গত পাঁচ বছরে পার্বত্য চট্টগ্রামে বাঙালি জনগোষ্ঠীর ওপর ১৯৪টি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর ৮১টি হামলার ঘটনা ঘটেছে। এ সময়ে অবৈধ অস্ত্রের ব্যবহার হয়েছে ৩৭৭টি ঘটনায়। নিরাপত্তা বাহিনীর ওপর সশস্ত্র গোষ্ঠীর হামলার ঘটনা ঘটেছে ৯৭টি।

স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত পাঁচ বছরে পার্বত্য অঞ্চলে বিভিন্ন সহিংস ঘটনায় ৩০৮ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৪৩৫ জন আহত হয়েছেন। অন্যদিকে নিরাপত্তা বাহিনীর আট সদস্য নিহত ও ৫৫ জন আহত হয়েছেন।

পার্বত্য চট্টগ্রামে কেএনএফ, ইউপিডিএফ, জেএসএসসহ বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠী ও অপরাধী চক্রের তৎপরতার কথা তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি জানান, পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে বিশেষ অভিযান ‘অপারেশন উত্তরণ’ চলমান রয়েছে। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও আনসারের সমন্বয়ে নিয়মিত যৌথ অভিযান ও টহল জোরদার করা হয়েছে।

দুর্গম পাহাড়ি এলাকায় সশস্ত্র গোষ্ঠীর গোপন আস্তানা ও প্রশিক্ষণ ক্যাম্প ধ্বংসে প্রয়োজনে হেলিকপ্টারের সহায়তায় অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।

এছাড়া অবৈধ অস্ত্র উদ্ধার, চাঁদাবাজি, অপহরণ এবং অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসব অপরাধে নিয়মিত মামলা দায়েরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম অব্যাহত রয়েছে বলে সংসদে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।