পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রবিন্দুতে রাখা অত্যন্ত জরুরি। তিনি ধারাবাহিক বৈশ্বিক মনোযোগ বজায় রাখাকে বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, এ সংকট বর্তমানে বাংলাদেশের জন্য একটি নিরাপত্তা উদ্বেগের বিষয়ে পরিণত হয়েছে। তাই সংকট সমাধানের জন্য অর্থপূর্ণ আন্তর্জাতিক সম্পৃক্ততার ওপর জোর দেন তিনি।
রোববার (৮ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘রোহিঙ্গা সংকটের সমাধানের একটি টেকসই দৃষ্টিভঙ্গি: জাতীয় কৌশল ও বাহ্যিক অবদানের রূপরেখা’ শীর্ষক জাতীয় নীতি সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংলাপটির আয়োজন করে নীতি গবেষণা কেন্দ্র।
শামা ওবায়েদ বলেন, রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের অভ্যন্তরে অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। এ লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের সঙ্গে অর্থবহ ও কার্যকর সম্পৃক্ততা বজায় রাখতে চাপ দিতে হবে বাংলাদেশকে।
তিনি আরও বলেন, রোহিঙ্গা সংকটের বিষয়ে বাংলাদেশ সব সময় সোচ্চার রয়েছে। তবে প্রত্যাবাসনের ক্ষেত্রে নিরাপত্তা ও মর্যাদার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। রোহিঙ্গাদের ন্যূনতম মানবিক মর্যাদা নিশ্চিত করাও জরুরি।
দীর্ঘস্থায়ী এই সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে রাজনৈতিক ঐকমত্য গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সংলাপে জানানো হয়, বাংলাদেশ বর্তমানে ১৩ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিচ্ছে। বিপুলসংখ্যক এই জনগোষ্ঠীর দীর্ঘমেয়াদি অবস্থানের ফলে স্থানীয় জনগোষ্ঠী, আর্থসামাজিক পরিস্থিতি ও দেশের অর্থনীতির ওপর ক্রমবর্ধমান চাপ তৈরি হচ্ছে।
সংলাপের মূল লক্ষ্য ছিল নীতিনির্ধারক, রাজনৈতিক নেতা, কূটনীতিক, গবেষক, সুশীল সমাজের প্রতিনিধি, মানবাধিকারকর্মী, সাংবাদিক এবং রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধিদের মধ্যে সংকটের টেকসই সমাধান নিয়ে গঠনমূলক আলোচনা ও মতবিনিময়ের সুযোগ তৈরি করা।
আলোচনায় একটি সমন্বিত জাতীয় কৌশলগত রূপরেখা প্রণয়ন, রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠা, কূটনৈতিক তৎপরতা জোরদার এবং আন্তর্জাতিক অংশীদারদের কার্যকর অবদান নিশ্চিত করার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।
এছাড়া রোহিঙ্গা সংকটের টেকসই ও মর্যাদাপূর্ণ সমাধানে ধারাবাহিক নীতিগত উদ্যোগ এবং সংকটের সমাধান প্রক্রিয়ায় রোহিঙ্গা জনগোষ্ঠীর অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন আলোচনায় অংশগ্রহণকারীরা।


