প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি।

সোমবার (২৯ জুন) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে তিন সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ ও জাপানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন এবং ‘ফোর্সেস গোল’ বাস্তবায়নে জাপানের প্রযুক্তিগত সহায়তার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে আসে।

এছাড়া দুই দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ, নিয়মিত সামরিক প্রতিনিধি দলের সফর এবং পেশাগত ও কারিগরি দক্ষতা উন্নয়নে সহযোগিতা বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ একমত হয়। আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি বিনিময়ের সম্ভাবনাও বৈঠকে আলোচিত হয়।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ বৈঠকের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে দীর্ঘমেয়াদি কৌশলগত ও প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার হবে।