লালমনিরহাটের পাটগ্রামের ডাঙ্গাপাড়া (আঙ্গরপোতা) সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া ‘ককটেলের আঘাতে’ এক বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (২৮ জানুয়ারি) সকাল ৭টার দিকে জেলার পাটগ্রাম উপজেলার আঙ্গরপোতা সীমান্তে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম, রফিউল ইসলাম (৩৩)। তিনি একই উপজেলার বঙ্গের বাজার গ্রামের আফজাল হোসেনের ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, ভোরের দিকে রফিউলসহ চার বাংলাদেশি ভারতীয় চিনি আনতে ডাঙ্গাপাড়া সীমান্তে যান।

 এ সময় বিএসএফের টহলদলের সামনে পড়লে বাংলাদেশিদের লক্ষ্য করে কয়েকটি ককটেল ছুড়ে মারে বিএসএফ। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান রফিউল। তবে অপর বাংলাদেশিরা পালিয়ে আসতে সক্ষম হন। এ ঘটনার পর বিএসএফ রফিউলের লাশ নিয়ে যায়।

ইতোমধ্যে, এ ঘটনার প্রতিবাদে পতাকা বৈঠক ডেকেছে বিজিবি। নিহত যুবকের মরদেহ ভারতের মেখলিগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা গেছে। সেখানে পোস্টমর্টেমের পর মরদেহ হস্তান্তর করা হবে। তবে রোববার ভারতীয় ছুটির কারণে মরদেহ হস্তান্তর না করার সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল সোমবার (২৯ জানুয়ারি) নিহত রফিউলের মরদেহ পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করা হবে জানিয়েছেন বিজিবি।

বিষয়টি নিশ্চিত করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পানবাড়ি ক্যাম্প কমান্ডার আমানুজ্জামান জানান, সকাল ৭টার দিকে চারজন যুবক আঙ্গরপোতা সীমান্ত এলাকায় যায়। এ সময় ভারতের কোচবিহারের অর্জুন ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে ককটেল ছোড়ে। এতে মাথায় আঘাত পেয়ে নিহত হন রফিউল।

এর আগে গত ২২ জানুয়ারি রাতে যশোরের বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে রইস উদ্দীন নামে এক বিজিবি সদস্য নিহত হন। ঘটনার একদিন পর বুধবার (২৪ জানুয়ারি) শার্শার শিকারপুর সীমান্ত দিয়ে বিজিবির কাছে রইশুদ্দীনের লাশ হস্থান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

 

-পার্বত্য সময়