কক্সবাজারের উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবির। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে শিবিরের একটি নির্দিষ্ট স্থানে বাড়তে থাকে মানুষের ভিড়। নারী-পুরুষ, বৃদ্ধ থেকে কিশোর—সব বয়সী মানুষের চোখ তখন একটি পর্দায়। সেখানে ভিডিও প্রদর্শনের মাধ্যমে শোনানো হচ্ছিল মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়। কেউ মনোযোগ দিয়ে শুনছিলেন আদালতের পর্যবেক্ষণ, কেউ খুঁজছিলেন হারিয়ে যাওয়া স্বজনদের জন্য ন্যায়বিচারের আশ্বাস।

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা ও নির্যাতনের অভিযোগে গাম্বিয়ার করা মামলায় দীর্ঘ সাত বছরের আইনি লড়াই শেষে বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত রায় ঘোষণা করেন। আদালতের প্রেসিডেন্ট বিচারপতি ইওয়াসাওয়া ইউজি রায় পড়ে শোনান। রায়ে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হাতে অন্তত ১০ হাজার রোহিঙ্গা নিহত হওয়ার প্রমাণ এবং ব্যাপক যৌন সহিংসতার বিষয় উঠে আসে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

রায়ের খবর ছড়িয়ে পড়ার পর দুপুর থেকেই উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে জড়ো হতে থাকেন রোহিঙ্গারা। সন্ধ্যা পর্যন্ত সেখানে হাজারো মানুষের উপস্থিতি ছিল। দীর্ঘদিন ধরে নিজেদের ওপর চালানো হত্যাযজ্ঞ, নির্যাতন ও বাস্তুচ্যুতির আন্তর্জাতিক স্বীকৃতির অপেক্ষায় থাকা মানুষগুলোর কাছে দিনটি ছিল আবেগ ও প্রত্যাশার।

২০১৭ সালে মিয়ানমারের মংডু থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া ৫৪ বছর বয়সী আবু ছৈয়দ তাঁদেরই একজন। জন্মভূমি ছেড়ে আসার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ভয়াবহ সেই দিনগুলোর স্মৃতি ভুলতে পারেননি তিনি। তাঁর প্রত্যাশা, শুধু নির্যাতনের আন্তর্জাতিক স্বীকৃতিতেই যেন এই প্রক্রিয়া শেষ না হয়; একদিন হত্যাকারীদেরও বিচারের মুখোমুখি করা হয়।

রায়ের প্রতিক্রিয়ায় রোহিঙ্গা নাগরিকদের সংগঠন ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ উল্লাহ বলেন, ‘এই রায়ের মাধ্যমে রোহিঙ্গাদের ওপর গণহত্যা, নির্যাতন ও নিপীড়নের বিষয়গুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। জাতিগত নিধনের শিকার রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য এটি গুরুত্বপূর্ণ অর্জন। রায় পেয়ে আমরা খুশি। তবে যারা গণহত্যা চালিয়েছে, তাদের এখনো বিচারের মুখোমুখি করা যায়নি। এ জায়গায় আমাদের হতাশা রয়ে গেছে।’

তিনি বলেন, ‘রাখাইনে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানো ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে হবে। শুধু আদালতের স্বীকৃতিতে রোহিঙ্গাদের প্রত্যাশা পূরণ হবে না, প্রকৃত বিচার নিশ্চিত করতে হবে।’

রায়ের প্রতিক্রিয়াকালে রোহিঙ্গা নেতা সৈয়দ উল্লাহ বাংলাদেশ সরকার, জনগণ ও রোহিঙ্গা সম্পর্কিত অংশিজন ও জাতিসংঘের সংশ্লিষ্ট দপ্তরকে রায় পর্যন্ত নিয়ে যেতে সহযোগিতা করার জন্য রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে ফিরে যেতে একটি রোড়ম্যাপ তৈরি দাবী জানান।

রোহিঙ্গা নেতা মোহাম্মদ রফিকও মনে করেন, অপরাধীদের বিচার নিশ্চিত না হলে এই রায়ের পূর্ণাঙ্গ তাৎপর্য পাওয়া যাবে না। তিনি বলেন, ‘গণহত্যার বিচার না হলে রোহিঙ্গাদের দীর্ঘদিনের অপেক্ষা শেষ হবে না। আমরা শুধু রায়ের স্বীকৃতি চাই না, যারা আমাদের স্বজনদের হত্যা করেছে, বাড়িঘর পুড়িয়ে দিয়েছে এবং দেশ ছাড়তে বাধ্য করেছে, তাদের শাস্তি চাই।’

২০১৭ সালে মিয়ানমারের মংডু থেকে পালিয়ে আসা ৭০ বছর বয়সী আব্দুল আমিন ও ৬৫ বছর বয়সী আবদুস সালামের কাছে এই রায় কেবল একটি আইনি সিদ্ধান্ত নয়। তাঁদের কাছে এটি হারিয়ে যাওয়া স্বজন, ফেলে আসা বাড়িঘর এবং শৈশব-যৌবনের স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা দীর্ঘ অপেক্ষার একটি অধ্যায়।

একই শিবিরের ৬০ বছর বয়সী ছৈয়দ কসিম আন্তর্জাতিক আদালতের রায় শুনতে এসেছিলেন সাড়ে ছয় বছর বয়সী নাতি একরামুল্লাহকে সঙ্গে নিয়ে। পর্দায় আদালতের রায় প্রচারের সময় নাতিকে পাশে নিয়ে মনোযোগ দিয়ে শুনছিলেন তিনি। তাঁর কাছে এই রায় শুধু অতীতের হত্যাযজ্ঞের বিচারের প্রত্যাশা নয়, পরবর্তী প্রজন্মের নিরাপদ ভবিষ্যতের আশাও।

শিবিরের ৬৫ বছর বয়সী আহমদ আলীও রায় শুনতে উপস্থিত হয়েছিলেন। জীবনের দীর্ঘ সময় পেছনে ফেলে আসা এই বৃদ্ধের মতো অনেক রোহিঙ্গার কাছেই নিজেদের জন্মভূমিতে ফিরে যাওয়ার স্বপ্ন এখনো অধরা।

তবে তরুণ প্রজন্মের প্রত্যাশায় রয়েছে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন। ১৫ নম্বর আশ্রয়শিবিরের ১৭ বছর বয়সী মোহাম্মদ আমিন বলেন, ‘মিয়ানমারের মংডুর নলবনিয়া এলাকায় গণহত্যার বিষয়টি প্রমাণিত হলে আমরা নিজেদের দেশে ফিরে যেতে চাই। আমরা অন্যের দেশে শরণার্থী হয়ে থাকতে চাই না। নিজেদের জন্মভূমিতে নিরাপদে বসবাস করতে চাই।’

১৪ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের ১৯ বছর বয়সী মোহাম্মদ ইউসুফের কাছেও এই রায় ভবিষ্যতের আশার সঙ্গে জড়িয়ে আছে। তাঁর প্রত্যাশা, আন্তর্জাতিক আদালতের এই বিচারপ্রক্রিয়ার মধ্য দিয়ে রোহিঙ্গাদের ন্যায়বিচার, নিরাপত্তা ও নিজ দেশে ফেরার পথ তৈরি হবে।

মিয়ানমারের অসহযোগিতার বিষয়ও আদালতে

গণহত্যার অভিযোগ তদন্তে মিয়ানমারের অসহযোগিতার বিষয়টিও রায়ে তুলে ধরেন আদালতের বিচারক। তিনি বলেন, ‘প্রমাণ বিশ্লেষণের ক্ষেত্রে আদালতের বিবেচনায় দেখা গেছে, মিয়ানমার কথিত নৃশংসতার ঘটনাগুলো যথাযথভাবে তদন্ত করতে ব্যর্থ হয়েছে। একই সঙ্গে আদালতের চাওয়া তথ্য সংগ্রহের জন্য প্রমাণ ও সাক্ষীদের কাছে প্রবেশাধিকার নিশ্চিত করতেও দেশটি অস্বীকৃতি জানিয়েছে।’

আদালতের এই পর্যবেক্ষণ মামলার বিচারপ্রক্রিয়ায় মিয়ানমারের ভূমিকা এবং অভিযোগগুলোর তদন্তে দেশটির অবস্থানকে সামনে এনেছে।

যেভাবে শুরু হয়েছিল মামলা

সাধারণভাবে ‘জেনোসাইড কনভেনশন’ নামে পরিচিত ১৯৪৮ সালের গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সনদ লঙ্ঘনের অভিযোগে ২০১৯ সালের ১১ নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া।

মামলায় গাম্বিয়া অভিযোগ করে, মিয়ানমার গণহত্যা সনদের বিধান লঙ্ঘন করেছে। দেশটির চলমান সব ধরনের নির্যাতন বন্ধে জরুরি নির্দেশ দেওয়ার পাশাপাশি গণহত্যার শিকার রোহিঙ্গাদের ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ আর ঘটবে না—এমন নিশ্চয়তা চাওয়া হয়।

গণহত্যা সনদের ৯ নম্বর অনুচ্ছেদের ভিত্তিতে আন্তর্জাতিক বিচার আদালত এ মামলার বিচার করতে পারে বলেও যুক্তি দেয় গাম্বিয়া। ওই অনুচ্ছেদে বলা হয়েছে, সনদের ব্যাখ্যা, প্রয়োগ বা পালন নিয়ে কোনো দেশের মধ্যে বিরোধ দেখা দিলে তা আন্তর্জাতিক বিচার আদালতে উপস্থাপন করা যাবে।

মূল মামলার পাশাপাশি রোহিঙ্গাদের সুরক্ষায় জরুরি ভিত্তিতে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিতেও আদালতের কাছে আবেদন জানিয়েছিল গাম্বিয়া।

সাত বছর ধরে চলা আইনি লড়াইয়ের পর আন্তর্জাতিক বিচার আদালতের রায় রোহিঙ্গাদের ওপর চালানো সহিংসতার বিষয়টি বিশ্ববাসীর সামনে নতুন করে তুলে ধরেছে। তবে উখিয়ার আশ্রয়শিবিরে রায় শুনতে আসা মানুষগুলোর কাছে সবচেয়ে বড় প্রশ্ন এখনো একটাই—কবে নিশ্চিত হবে প্রকৃত বিচার, কবে নিরাপদে ফিরতে পারবেন নিজেদের জন্মভূমি মিয়ানমারের (আরাকান) রাখাইনে?

স্বজন হারানোর বেদনা, বাস্তুচ্যুত জীবনের অনিশ্চয়তা আর ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার আকাঙ্ক্ষা নিয়ে রোহিঙ্গাদের সেই অপেক্ষা এখনো শেষ হয়নি। তাঁদের কাছে আদালতের রায় একটি গুরুত্বপূর্ণ অর্জন, কিন্তু ন্যায়বিচার ও নিরাপদ প্রত্যাবাসনই চূড়ান্ত প্রত্যাশা।