রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় আরও ৮০ লাখ ইউরো মানবিক সহায়তা প্রদান করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও সুরক্ষা কার্যক্রম জোরদার করতে এই অর্থ ব্যয় করা হবে।
আজ সোমবার (১৬ নভেম্বর) ঢাকার ইইউ মিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশের জন্য বরাদ্দকৃত এই অতিরিক্ত ৮০ লাখ ইউরো মোট ১ কোটি ৬০ লাখ ইউরোর একটি আঞ্চলিক প্যাকেজের অংশ।
এটি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা এবং তাদের আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠীর জন্য সুরক্ষা পরিষেবা জোরদার করার পাশাপাশি খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহায়তা করবে। এ অতিরিক্ত অর্থায়ন ছাড়াও ২০২৬ সালে বাংলাদেশের জন্য ইতোমধ্যে ২ কোটি ৩০ লাখ ইউরোর বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে।
বার্তায় আরও উল্লেখ করা হয়, বাংলাদেশে বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা অবস্থান করছেন। তবে সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দাপ্তরিক নথিপত্রে কম দেখালেও বাংলাদেশে রোহিঙ্গা সংখ্যা ১৫ লাখেরও বেশি।
এমস পরিস্থিতিতে দীর্ঘস্থায়ী সমাধান খুঁজে বের করতে অর্থায়নসহ বাস্তুচ্যুতির মূল কারণগুলো মোকাবিলার প্রচেষ্টাকে সমর্থন এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান করছে ইউরোপীয় ইউনিয়ন।


